সাভারে যাত্রীবাহী একটি চলন্ত বাসে স্বামীকে জিম্মিকে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে ওই বাসের চালক, হেলপার ও যাত্রীবেশী দুর্বৃত্তরা। এ ঘটনায় বাধা দিতে গিয়ে দুর্বৃত্তদের মারপিটে আহত হয়েছেন ওই নারীর স্বামী রিপন হোসেন। এসময় দুর্বৃত্তরা ওই দম্পত্তির মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় দুর্বৃত্তদের ব্যবহৃত বাসটি জব্দ করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ ঘটনা ঘটে।
আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক হুমায়ন কবীর বলেন, এ ঘটনায় ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে। ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য নিয়ে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
ভুক্তভোগী যাত্রী রিপন হোসেন ও তার স্ত্রী নাজনিন জানায়, বুধবার রাত ১১টায় গাবতলী থেকে আশুলিয়ার বাইপাইল যাওয়ার জন্য ওই বাসে ওঠেন তারা। বাসটি নবীনগর-চন্দ্রা সড়কের পলাশবাড়ী এলাকায় পৌঁছলে পূর্বেই বাসে যাত্রীবেশে বসে থাকা ৪/৫ জন তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় বাসে থাকা আরো এক যাত্রীকে জিম্মি করে দুর্বৃত্তরা। এরপর তাদের তিনজনের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন ও নগদ চার হাজার টাকাসহ ওই নারীর স্বর্ণালংকার লুটে নেয় তারা। এসময় বাসের দরজা-জানালা বন্ধ করে দিয়ে বাসটি ধীরগতিতে চালাতে থাকেন চালক।
এক সময় বাইপাইল বাসস্ট্যান্ডে গিয়ে গাড়িটি আবার উল্টো নবীনগরের দিকে চালাতে থাকেন চালক। এসময় যাত্রী রিপনকে অস্ত্রের মুখে জিম্মি করে তার স্ত্রী নাজনিন আক্তারের হাত-পা গামছা দিয়ে বেঁধে বাসের পাটাতনে ফেলে শ্লীলতাহানীর চেষ্টা করে দুর্বৃত্তরা।
নাজনিন আক্তারের স্বামী রিপন হোসেন বলেন, বাসের পাটাতনে শ্লীলতাহানীর সময় জোরে আর্তচিৎকার করতে থাকে নাজনীন। এসময় পল্লীবিদ্যুৎ বাসস্ট্যান্ডে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থেমে থাকা একটি ট্রাকে জোরে আঘাত করে। শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসলে বাসের চালক হেলপারসহ সবাই পালিয়ে যায়।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত দম্পতিকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে চিকিৎসা দেয়।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম


