এলিটা করিমের ভক্ত-শ্রোতাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে গত সপ্তাহে। ‘এলিটা…আমার প্রথম’ শিরোনামে এই প্রথম একক অ্যালবাম এসেছে তার। ভক্তদের চাতক-চাতকীর মতোই যাদের প্রতীক্ষায় ছিলেন এলিটার একক অ্যালবামের জন্য। সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই অ্যালবাম নিয়ে শ্রোতাদের মাঝে চলছে জোর শোরগোল।
তের বছরের সঙ্গীত জীবনে অনেকে সঙ্গীতাঙ্গনে তার যুগপূর্তির হিসাব-নিকাশটা দিতে পারবেন। এতটা পথ পাড়ি দেওয়া এ শিল্পীর ক’টা অ্যালবাম প্রকাশিত হয়েছে, তার গণনাও অনেকে দেবেন নির্ভুলভাবে। অবাক করা বিষয় হলো, সে তালিকায় দ্বৈত, মিশ্র অ্যালবাম থাকলেও খুঁজে পাওয়া যায়নি! সঙ্গীত ভুবনে যার বিচরণ এক যুগেরও বেশি সময় ধরে। যার কণ্ঠ ছুঁয়ে ঝরে পড়েছে অসংখ্য গান। তার কোনো একক অ্যালবাম নেই! এভাবে যারা বিস্ময় প্রকাশ করেছেন তাদের জন্যই এলিটা উদ্যোগী হয়ে এই একক অ্যালবাম।
ক্যারিয়ারের বয়স যখন আনলার্কি থার্টিন, তখন তিনি প্রকাশ করেছেন প্রথম একক ‘এলিটা’। তিনি বলেন, ‘শ্রোতাদের এই ভালোবাসার দাবি মেটাতে একক অ্যালবামের প্রকাশনা। ২০০৯ সাল থেকে চেষ্টা করেও নানা কারণে এর আয়োজন পিছিয়ে যায়। তবু ধৈর্য আর বিন্দু বিন্দু শ্রমে এর কাজ শেষ করেছি।’
এলিটার গায়কী নিয়ে আলোচনা বরাবরই ছিল। ‘তোমার সঙ্গে আমি হারিয়ে যাবো, ঘুমের দেশে লুকাবো…’ এই সেই শব্দমালা, যা ব্যান্ড ব্ল্যাকের সুরসঙ্গীতে অল্টারনেটিভ রক গানে রূপান্তরিত হয়েছিল। এ গানে কণ্ঠ দেওয়ার মধ্যে দিয়ে এলিটার শুরু হয়েছিল যাত্রা। তারপর আর থেমে থাকা নেই। অ্যালবাম, টিভি, মঞ্চ থেকে শুরু করে বিশ্বকাপ ক্রিকেটের আসর পর্যন্ত কণ্ঠের মাদকতায় দর্শক-শ্রোতাদের মাতিয়েছেন। ভিন্ন স্বাদের সঙ্গীতের প্রত্যাশা পূরণে তিনি যেন অনন্য।
২০০৩ সালে ‘ব্ল্যাক’ ব্যান্ডের ‘আমার পৃথিবী’ অ্যালবামের ‘মিথ্যা’ গানটিতে কণ্ঠ দেয়ার মাধ্যমে বাংলাদেশের সংগীতপ্রেমীদের কাছে পরিচিতি পান এলিটা। এরপর তিনি নিজের ব্যান্ড ‘রাগা’ নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। ২০০৫ সালে প্রকাশিত হয় ‘রাগা’র প্রথম অ্যালবাম। এ ছাড়া বিভিন্ন শিল্পীর সঙ্গে বেশ কিছু মিশ্র অ্যালবামে কণ্ঠ দেন তিনি।
অ্যালবামের গান সম্পর্কে এলিটা বলেন, আমি সাধারণত যে ধরনের গান গাই, এই অ্যালবামে তেমনটাই রয়েছে। আমার স্টাইলটাকে প্রাধান্য দিয়েছি। অ্যাকুস্টিক ব্যাপারটির প্রতিও বেশি জোর দিয়েছি।
অ্যালবামের গানগুলোর সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ, অদিত, সন্ধি ও শাকের। এটি বাজারে এনেছে জিরোনা এন্টারটেইনমেন্ট।
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


