বুধবার ৪ নভেম্বর ২০২৬

ইন্টারপোলের নোটিসের কারণে সালাহউদ্দিনের জামিন হলো না

Salah uddin-Hospitalইন্টারপোলের রেড নোটিশ থাকায় বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন ভারতের মেঘালয় রাজ্যের একটি আদালত। শুক্রবার বিকেলে শিলংয়ের ইস্ট খাসি হিলসের জেলা ও দায়রা জজ আদালত জামিন নাকচের এ সিদ্ধান্ত দেন।

জামিন নাকচের আদেশে আদালত বলেছেন, সালাহ উদ্দিনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ থাকায় তাকে জামিন দেওয়া যাচ্ছে না। শুনানিতে মেঘালয় পুলিশ ও রাষ্ট্র নিযুক্ত আইনজীবী অবশ্য জামিন আবেদনের বিরুদ্ধে আপত্তি তোলেননি। তবে তারা ইন্টারপোলের নোটিশের ব্যাপারে অবগত ছিলেন।

শুনানির সময় সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ আদালতে উপস্থিত ছিলেন। জামিন নাকচের বিষয়ে সালাহ উদ্দিনের আইনজীবী এস পি মহন্ত জানান, তাদের জামিন আবেদন নাকচ হয়েছে।

শিলংয়ে অবস্থানরত বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি জানান, তারা পরবর্তী পদক্ষেপের জন্য আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করছেন। জামিনের ব্যাপারে উচ্চ আদালতে যাওয়ার সম্ভাব্যতাও খতিয়ে দেখা হচ্ছে।

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতের মেঘালয় রাজ্যের শিলং পুলিশ গত ১১ মে তাকে আটকের পর তার বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টের ৪৬ ধারা অনুযায়ী মামলা করে। ওই মামলায় গত বুধবার শিলংয়ের জজ আদালত তাকে ১৪ দিনের জন্য কারা হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। যদিও কারাগারে যাওয়ার কয়েক ঘণ্টা পর তার বুকে ব্যথা ও পরে ডায়রিয়া শুরু হলে তাকে আবারও হাসপাতালে নেওয়া হয়।

প্রায় তিন মাস আগে ঢাকা থেকে নিখোঁজ হওয়া সালাহ উদ্দিনকে গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে গলফ লিঙ্ক এলাকায় ঘুরতে দেখে শিলং পুলিশ আটক করে। ঢাকা থেকে নিখোঁজ হওয়ার সময় তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছিলেন, তাকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে একদল লোক উত্তরার বাসা থেকে তুলে নিয়ে গেছে।

উত্তরপূর্ব ভারত প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন