বুধবার ৪ নভেম্বর ২০২৬

সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

BD-Singapore-30-05-15ম্যাচ শেষে মুখ ভার মামুনুলদের। অথচ ম্যাচ শুরুটা যেভাবে হয়েছিল, তাতে চওড়া হাসিই থাকার কথা ছিল বাংলাদেশ দলের খেলোয়াড়দের মুখে। শুরুতেই এগিয়ে গিয়েও বঙ্গবন্ধু স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ হলো ২-১ ব্যবধানে পরাজয়ের হতাশা নিয়ে।

সামনেই ব্যস্ত সূচি বাংলাদেশ ফুটবল দলের। ২ জুন আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের পরই শুরু বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই ম্যাচ। ১১ জুন কিরগিজস্তান ও ১৭ জুন তাজিকিস্তানের সঙ্গে কঠিন পরীক্ষা। আজ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ছিল নিজেদের ঝালিয়ে নেওয়া। কিন্তু প্রস্তুতি ম্যাচটা হলো হতাশার।

অথচ মাত্র ৪ মিনিটে স্বাগতিকেরা নেচে উঠেছিল মামুনুলের ফ্রি-কিকে নাসির উদ্দিন চৌধুরীর দারুণ এক গোলে। ৩১ মিনিটে সিঙ্গাপুরকে সমতায় ফেরান ফরোয়ার্ড ফজরুল নওয়াজ। ১-১ সমতা নিয়ে প্রথমার্ধ শেষ করে দুই দল। বাংলাদেশের দুর্ভাগ্য, প্রথমার্ধের শেষ দিকে বাতিল হয় এনামুলের গোল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফের কণ্ঠে তাই খানিকটা ক্ষোভ, ‘এটা ৫০-৫০ সুযোগ ছিল। এ ধরনের সুযোগ সাধারণত স্বাগতিকদের পক্ষেই যায়।’

দ্বিতীয়ার্ধের শুরুতেও সিঙ্গাপুরকে ভালোই চেপে ধরেছিল বাংলাদেশ। ৬৩ মিনিটে এনামুলের বাড়িয়ে দেওয়া ক্রসটা হেমন্ত ঠিকমতো কাজে লাগাতে পারলে ফল অন্যরকম হলেও হতে পারত। ৬৭ মিনিটে হেডে গোলের চেষ্টা চালান সিঙ্গাপুরের ফরোয়ার্ড খায়রুল কামাল। সেটি লক্ষ্যভ্রষ্ট হলেও ৭২ মিনিটে ভুল করেননি খায়রুল। বাংলাদেশ গোলরক্ষক মাজহারুল ইসলামের ফিস্ট করা বল দারুণ এক শটে জালে জড়িয়ে দেন জালে। ফ্লাইট বুঝতে পুরোপুরি ব্যর্থ মাজহারুল। সেটপিস না হলেও দূরপাল্লার শটে বাংলাদেশের গোলরক্ষকদের দুর্বলতা আরও একবার প্রকাশ হলো। সিঙ্গাপুরের এ গোল আর শোধ করতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত বিরস বদনেই মাঠ ছাড়তে হলো ডি ক্রুইফের ছাত্রদের।

মোটামুটি গোছানো ফুটবলই খেলেছে বাংলাদেশ। বেশ কয়েকটি সুযোগ তৈরিও হয়েছিল। কিন্তু ফুটবলে সুযোগ তৈরির চেয়ে সুযোগ কাজে লাগানোই মুখ্য। মামুনুল ইসলামের দারুণ ফ্রি-কিক, কর্নারগুলো গোলে পরিণত করার মতো ফিনিশারের অভাব বেশ অনুভূত হলো। তবে ফরোয়ার্ড এনামুলের পারফরম্যান্স ছিল বলার মতোই। ছন্দে ছিলেন না অন্যতম ভরসা মিডফিল্ডার জামাল ভূঁইয়া।

প্রচণ্ড গরমে বেশ ক্লান্ত দেখা গেল খেলোয়াড়দের। কিন্তু গরমে ভেঙে পড়ার কোনো যুক্তি থাকতে পারে না। ঘরের মাঠে এমন তীব্র দাবদাহে খেলোয়াড়েরা নিশ্চয় নতুন খেলছেন না। বিশ্বকাপ, এশিয়ান কাপ বাছাইপর্বের আগে আত্মবিশ্বাসের রসদ জোগাতে এ ম্যাচের ভুলভ্রান্তি দ্রুত শুধরে আফগানিস্তানের বিপক্ষে ভালো কিছু করতেই হবে মামুনুলদের।

ক্রীড়া প্রতিবেদকক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন