বুধবার ৪ নভেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ঢাকায়

Mamota-Dhaka-05-06-15ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে মমতাকে বহনকারী এয়ার ইন্ডিয়ার নিয়মিত একটি উড়োজাহাজ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভ্যর্থনা জানান।

দু’দিনের সফরে নরেন্দ্র মোদির শনিবার সকাল পৌনে এগারোটার দিকে ঢাকা পৌঁছানোর কথা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয় বাংলাদেশ সফর। গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে তিনি ঢাকা এসেছিলেন। মুখ্যমন্ত্রী হওয়ার আগে ১৯৯৮ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন মমতা।

এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সফরসঙ্গীদের ঢাকায় অবস্থানের জন্য সোনারগাঁও হোটেলে ব্যবস্থা করা হয়েছে। মমতা ব্যানার্জি থাকবেন রেডিসন হোটেলে। মমতা ব্যানার্জির আলাদা হোটেলে থাকার কারণ সম্পর্কে ঢাকার কর্মকর্তারা বলছেন, মমতা পৃথক হোটেলে থাকার আগ্রহ প্রকাশ করায় তার জন্য রেডিসনে থাকার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতীয় রাজ্যগুলোর মুখ্যমন্ত্রীদেরও মোদীর সফরসঙ্গী হিসেবে আসবেন বলে প্রথমে শোনা গেলেও এখন কর্মকর্তারা বলছেন, মমতা ব্যানার্জি ছাড়া অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এ সফরে আসছেন না।

বিশেষ প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন