ভারতের বিপক্ষে সিরিজ যতই এগিয়ে আসছে, ইনজুরির তালিকা ততই দীর্ঘ হচ্ছে। ইনজুরি ও অতিরিক্ত গরমের জন্য ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে ভালো ফল নিয়ে শংকা প্রকাশ করছেন অনেকে। আঙুলের ইনজুরির কারণে মাহমুদউল্লাহ টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন। ওয়ানডে সিরিজেও তার খেলার সম্ভাবনা নেই। চোট সমস্যায় রয়েছেন মাশরাফি মুর্তজা ও মুশফিকুর রহিম। তামিম ইকবালের হাঁটুতেও ব্যথা রয়েছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর গোড়ালিতে ব্যথা অনুভব করছিলেন সাকিব আল হাসানও। দলে ফেরার আগে চোটে পড়েছিলেন রুবেল হোসেনও।
মাশরাফি বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচলেও তাকে নিয়ে এখনও সংশয় কাটছে না। হাত এখনও ফোলা রয়েছে। ব্যথা না কমলে আগামীকাল বা পরশু স্ক্যান করা হবে। মাশরাফিকে নিয়ে চিন্তায় রয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বৃহস্পতিবার মাশরাফির ইনজুরির পর দলের ফিজি বায়োজিদ ইসলাম খান বলেন, মাশরাফিকে নিয়ে সংশয় নেই। তবে হাথুরুসিংহে শংকা প্রকাশ করেন। তিনি বলেন, চোট বেশি গুরুতর না, কিন্তু হাতের তালু নিয়ে আমরা একটু চিন্তিত। ইনজুরির কারণে কয়েক দিন অনুশীলন করতে পারবেন না মাশরাফি। তবে আজ জিম করতে পারেন ওয়ানডে অধিনায়ক।
এদিকে বিশ্বকাপে টানা দুটি সেঞ্চুরির পর ভারতীয় মিডিয়া মাহমুদউল্লাহকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। কিন্তু আঙুলে চোট পাওয়ায় তিনি ভারতের বিপক্ষে খেলতে পারবেন না। একমাত্র টেস্টের জন্য মাহমুদউল্লাহর পরিবর্তে নেয়া হয়েছে নাসির হোসেনকে। মাহমুদউল্লাহ ব্যাট করেন টপ অর্ডারে, নাসির লোয়ার মিডল-অর্ডারে। নাসির ক্যারিয়ারের শুরুতে ভালো করলেও মাহমুদউল্লাহর পরিবর্তে দলকে কতটুকু সাহায্য করতে পারবেন, এটা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন।
অতিরিক্ত গরম ও খেলোয়াড়রা ইনজুরিতে পড়ার কারণে ভালো ফল নিয়ে শংকা প্রকাশ করেছেন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা। তিনি বলেন, দলের অনেকেই চোট সমস্যায় ভুগছে। আমাদের দেশে এখন অতিরিক্ত গরমও পড়ছে। খেলোয়াড়দের ফিটনেসের অভাব ও অতিরিক্ত তাপমাত্রা টেস্টের আগে দুশ্চিন্তার কারণ হতে পারে। তিনি বলেন, ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে বিকাল থেকে। সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু টেস্টে টানা পাঁচ দিন ব্যাটিং, ফিল্ডিং করা খুবই কঠিন হবে। খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার সম্ভাবনাও বেশি থাকবে। টানা ক্রিকেটে খেললেই বাংলাদেশ দলের ইনজুরি সমস্যা সংখ্যা বেড়ে যায়।
খেলোয়াড়দের তাই আরও সতর্ক থাকার পরমর্শ দিলেন এই সাবেক অধিনায়ক। তিনি বলেন, ইনজুরি কখনও বলেকয়ে আসে না। তবুও খেলোয়াড়দের সবকিছুই নিয়মমাফিক হওয়া উচিত। কীভাবে চলাফেরা করব, অনুশীলনে নিজেকে নিরাপদ রেখে চলার চেষ্টা করব, খাদ্যাভ্যাস কেমন হবে- সবকিছুরই একটা ধারাবাহিকতা থাকতে হবে।
বিশ্বকাপের আগে হাঁটুতে অস্ত্রোপচার করা তামিমের ব্যথা বেড়েছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজের পর। মালয়েশিয়ায় ছুটি কাটানোর সময় হাঁটুতে এমআরআই করান তামিম। ওই রিপোর্টে তার হাঁটুতে ছোট্ট একটি টিউমার ধরা পড়েছে। তবে ভারত সিরিজে তার কোনো প্রভাব পড়বে না। মুশফিকের আঙুলে এখনও ব্যথা রয়েছে। একমাত্র টেস্ট ম্যাচে তিনি কিপিং করতে পারবেন না। এজন্য কয়েক দিন ধরে তিনি ফিল্ডিং অনুশীলন করছেন। ইনজুরি থেকে ফেরা রুবেল হোসেন টানা কত ওভার বোলিং করতে পারেন, তা নিয়েও চিন্তা রয়েছে।
দলের ইনজুরি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, মাশরাফির হাত এখনও ফোলা রয়েছে। ফোলা কমার পরও যদি ব্যথা থাকে, তাহলে স্ক্যান করাতে হবে। মাহমুদউল্লাহকে তিন সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছে। মুশফিকের আঙুলে এখনও ব্যথা রয়েছে।
ক্রীড়া প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


