বুধবার ৪ নভেম্বর ২০২৬

মোদি-হাসিনা দরজা বন্ধ করে কুড়ি মিনিট বৈঠক

modi-hasina--ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ জুন শনিবার বিকেলে ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে একান্তে বৈঠক করেছেন। প্রায় কুড়ি মিনিটের রুদ্ধদ্বার বৈঠকের সময় তারা দুইজন ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। তাদের বৈঠকের বিষয় নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, দুই দেশের মধ্যকার অমীমাংসিত বিষয় এবং দুই দেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে হাসিনা ও মোদি কথা বলেছেন। মূলত এই বৈঠকের মাধ্যমেই দুই নেতা একে অপরের প্রতি বোঝাপড়া আরও ঘনিষ্ঠ করার সুযোগ পেয়েছেন।

শনিবার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়ে বিকেল ৫টা দশে শেষ হয়।

রুদ্ধদ্বার বৈঠক শেষে শেষে সীমান্ত চুক্তির অনুসমর্থনের দলিল বিনিময় হয়। পরে দুই প্রধানমন্ত্রী দুই দেশের আনুষ্ঠানিক বৈঠকে বসেন। আনুষ্ঠানিক আলোচনার পর বিভিন্ন প্রকল্পের ফলক উন্মোচন শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি, সমঝোতা স্মারক, প্রটোকল ও সম্মতিপত্র সই হয়। দুই প্রধানমন্ত্রীর বক্তৃতার পর শেষ হয় আনুষ্ঠানিক বৈঠকের অনুষ্ঠান।

বিকেল ৩টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান নরেন্দ্র মোদি। সেখানে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদির সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ সময় নরেন্দ্র মোদি, মমতা ব্যানার্জি ও শেখ হাসিনা মিলে ঢাকা-কলকাতা ও ঢাকা-শিলংয়ের বাস সার্ভিস উদ্বোধন করেন।

বাস সার্ভিস উদ্বোধন শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘গোলাপ’ হলে একান্ত বৈঠকে বসেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা।

এদিকে ভারতীয় প্রধানমন্ত্রীর সম্মানে রাত ৮টায় হোটেল সোনারগাঁওয়ের গ্র্যান্ড বল রুমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভোজসভা অনুষ্ঠিত হবে। সেখানেও দুই দেশের সরকার প্রধানদের সাক্ষাৎ হবে। রাত সাড়ে ৯টায় এই কর্মসূচি শেষ হবে।

শনিবার রাতে হোটেল সোনারগাঁওয়ে তাঁর সম্মানে শেখ হাসিনার দেওয়া নৈশভোজে যোগ দেবেন নরেন্দ্র মোদি।

দুই দিনের সফরে মোদি প্রথমবারের মতো আজ সকালে বাংলাদেশে আসেন। তাঁকে বহন করা ভারতীয় বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট ‘রাজদূত’ সকাল ১০টা ১০ মিনিটের দিকে বিমানবন্দরে অবতরণ করে।

বিশেষ প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।
১৭০০ ঘণ্টা, জুন ৬, ২০১০

আরও পড়ুন