নজিরবিহীনভাবে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ প্রমাণের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ম্যানেজারের দায়িত্ব থেকে মানে মানে নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিসিবিকে চিঠি দিয়েছেন খালেদ মাহমুদ সুজন। তাকে অপসারন করা হতে পারে এমন গুজবের পরিপ্রক্ষিতে রবিবার ৭ জুন রাতে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরীর কাছে পাঠানো এক ইমেইলে এই সরে যাওয়ার কথা জানান। এতে তিনি ‘পারিবারিক কারণে’ জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালনে অপারগতার কথা উল্লেখ করেন।
এখন সুজনের এই সরে যাওয়ায় ভারত সিরিজে ম্যানেজার কে হবে তা নির্ধারণ করতে বসবে বিসিবি। তবে একটি সূত্র জানায়, ভারত সিরিজ চালিয়ে যাওয়ার জন্য সুজনকে বলা হতে পারে।
বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান নাঈমুর রহমানকেও তাঁর সরে যাওয়ার কথা জানিয়েছেন এই সাবেক অলরাউন্ডার। জানতে চাওয়া হলে নাঈমুর রহমান দুর্জয় এ ব্যাপারে এখনই কোনো মন্তব্য করতে চাননি। তবে জানিয়েছেন, বিষয়টি নিয়ে তাঁরা মাহমুদের সঙ্গে আলাপ-আলোচনা করবেন।
জানা যায়, বাংলাদেশ ক্রিকেট দলের ইতিহাসে এর আগে কোনো ম্যানেজার এতো টাকা বেতন বা ভাতা পাননি। আগে মাসে বড় জোর এক লাখ টাকা তারা পেলেও সুজন কি করে যেন মাসে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা তোলার ব্যবস্থা করেছিলেন। এতে নিশ্চয়ই বিসিবিরও হাত ছিল।
বিসিবির একটি সূত্রের তথ্য, গত বছর ভারতের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজ, এ বছরের বিশ্বকাপ এবং সর্বশেষ পাকিস্তান সিরিজের বেতন হিসেবে বিসিবি থেকে প্রায় ১২ লাখ টাকার মতো নিয়েছেন মাহমুদ। এর মধ্যে শুধু বিশ্বকাপের ম্যানেজার হিসেবেই নিয়েছেন প্রায় সাড়ে ৬ লাখ টাকা। এটা দৈনিক ভাতার বাইরে। বিশ্বকাপে দলের আর সবার মতো তিনিও দৈনিক ভাতা পেয়েছেন প্রায় ১৭৫ ডলার করে। হোম সিরিজে অঙ্কটা ৫০ ডলার।
অতীতে যতবারই জাতীয় দলের জন্য বেতনভুক্ত ম্যানেজার নেওয়া হয়েছে, মাসিক বেতন কখনোই এক লাখ টাকার বেশি হয়নি। কিন্তু মাহমুদের ক্ষেত্রে মাসিক বেতনের অঙ্কটা দাঁড়াচ্ছে ৩ লাখ ১৫ হাজার টাকা। কোনো সিরিজের সময় এক মাসের কম বা বেশি হলে বেতনের টাকাও সেভাবে বাড়ে-কমে।
বিসিবির পরিচালক বা নির্বাচকেরা এর আগেও অনেকবার জাতীয় পর্যায়ের বিভিন্ন দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। কিন্তু বেতন তো দূরের কথা, দৈনিক ভাতা ছাড়া কোনো ধরনের আর্থিক সুবিধাই তাঁদের দেওয়া হয়নি। কিন্তু সুজনের বেলায় তা হয়নি।
ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে সফল হলেও মাহমুদের ব্যাপারে বেশ কিছু ব্যাপারে প্রশ্ন ছিল ক্রিকেট মহলে। গত বিশ্বকাপে ক্যাসিনোতে জুয়া খেলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


