বাংলাদেশের উপজেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার ব্যবস্থায় প্রথমবারের মতো সৃষ্টি করা ’নারী সদস্য’ ৩৫২টি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সরকার সমর্থক প্রার্থীরা জয়লাভ করেছেন। এছাড়া ১৩টি পদে প্রার্থীই পাওয়া যায়নি। ৩৫২ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর বাকি ৯০১টি পদে লড়বেন ২১৫৮ জন। এই সদস্যরা উপজেলা পরিষদের মেয়াদ অনুযায়ী আগামী আট মাস দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশের ৪৮১টি উপজেলায় ১২৬৬টি সংরক্ষিত নারী সদস্য পদে ২৫৬৩ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। এদের নির্বাচিত করতে ভোট দেবেন বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার সংরক্ষিত আসনের ১১ হাজার ৩৫৪ জন নারী জনপ্রতিনিধি।
বিনা প্রতিদ্বন্দ্বীদের নির্বাচিত ঘোষণা করবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। ১৫ জুনের পর সব নির্বাচিতদের গেজেট একসঙ্গে প্রকাশ করা হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৫ জুন বাংলাদেশের পৌনে পাঁচশ’ উপজেলায় সংরক্ষিত আসনের ভোট হবে। মনোনয়নপত্র বাছাই শেষে গত ৩০ মে প্রত্যাহারের শেষ সময় পার হয়েছে।
বর্তমানে উপজেলা পরিষদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান রয়েছে। সংরক্ষিত নারী সদস্যদের নিয়ে পূর্ণাঙ্গ হবে এ পরিষদ।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


