বাংলাদেশের পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মো. শফিউল হক। ১০ জুন এক নির্বাহী আদেশে তাকে সেনাপ্রধান প্রধান হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ সরকার। তিনি সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। সেনাপ্রধান হিসেবে ইকবাল করিমের মেয়াদ ২৫ জুন শেষ হবে।
আবু বেলাল মো. শফিউল হক এখন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে কর্মরত রয়েছেন।
আবু বেলালের ভাই আনিসুল হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র।
শফিউল হক ২৫ জুন নতুন সেনাপ্রধানের দায়িত্ব নেবেন বলে আইএসপিআর পরিচালক শাহিনুল ইসলাম জানিয়েছেন।
১৯৫৮ সালে জন্ম নেওয়া আবু বেলাল ১৯৭৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন। লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদায় ২০১৩ সাল থেকে পিএসও’র দায়িত্বে ছিলেন তিনি। এখন তিনি জেনারেলের মর্যাদা নিয়ে সেনাবাহিনী প্রধানের দায়িত্ব নেবেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


