বাংলাদেশের রাজধানী ঢাকার পাশের জেলা নারায়ণগঞ্জের ফতুল্লায় বাংলাদেশ ও ভারতের প্রথম টেস্টর দ্বিতীয় দিনে সকালের প্রবল বৃষ্টি ফতুল্লা টেস্টের দ্বিতীয় দিনের খেলা মাঠেই গড়াতে দিল না। আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষিত হয়েছে ১১ জুন দ্বিতীয় দিনের খেলা।
সকালে বৃষ্টির তোড় এতটাই ছিল যে হোটেল থেকে মাঠে আসার প্রয়োজনীয়তাই অনুভব করেননি দুই দলের খেলোয়াড়েরা। হয়তো অপেক্ষায় ছিলেন মাঠ থেকে সবুজ সংকেতের। কিন্তু সেই সবুজ সংকেতটাই দিতে পারলেন না আয়োজকেরা। বৃষ্টি থেমে গেলেও ফতুল্লার মাঠের অবস্থা ভালো ছিল না। একটি মাত্র সুপার সপার দিয়ে মাঠকে খেলার উপযোগী করতে পারেননি মাঠকর্মীরা।
আর বৃষ্টি না হলে ১২ জুন শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু হবে যথাসময়েই। বুধবার প্রথম দিনে টসে জিতে ব্যাট করতে নামে ভারত। প্রথম দিনেও ছিল বৃষ্টির বাগড়া। বৃষ্টির কারণে অনুষ্ঠিত ৫৬ ওভারে ভারত স্কোরবোর্ডে তুলেছেন ২৩৯ রান। অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি পেয়েছেন শিখর ধাওয়ান (১৫০)। প্রথম দিন ৮৭ রানে অপরাজিত মুরলি বিজয় আজ অপেক্ষায় ছিলেন সেঞ্চুরির। কিন্তু তাঁর ১৩ রানের অপেক্ষাটা বৃষ্টির কারণে দীর্ঘতরই হচ্ছে।
এদিন সকাল পৌনে সাতটার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে বাংলাদেশ-ভারতের মধ্যকার ফতুল্লা টেস্টের দ্বিতীয় দিনের খেলাও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা করা হয়। তাই শেষ পর্যন্ত সত্যি হল।
বুধবার ছিল ফতুল্লা টেস্টের প্রথম দিন। সেদিনও খেলায় হানা দেয় বৃষ্টি। প্রথম দিনের প্রায় এক-তৃতীয়াংশ খেয়ে নিয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে দিনের ৩৪ ওভার খেলা নষ্ট হয়েছে। তবু দিন শেষে ভারতের স্কোরবোর্ডে বিনা উইকেটে ২৩৯ রান। দেড় শ করে অপরাজিত শিখর ধাওয়ান, সেঞ্চুরির অপেক্ষায় মুরালি বিজয়ও।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, আগামী কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।
আবহাওয়ার এই পূর্বাভাস মিলে গেলে পাঁচ দিনের ফতুল্লা টেস্টের বাকি খেলায়ও বাগড়া দিতে পারে বৃষ্টি।
ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


