ছয় দিনের ব্যক্তিগত সফরে শুক্রবার ১২ জুন ব্রিটেনে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশে এয়ার লাইনসের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। ফ্লাইটটি বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর সূচি রয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি শামীম চৌধুরী বলেন, বিভিন্ন ক্ষেত্রে অবদান, বিশেষ করে ভারতের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরের জন্য প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে আগামী ১৪ জুন লন্ডনে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়া হবে।
ঢাকায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো দৈনন্দিন কর্মসূচিতে বলা হয়, ১৭ জুন সন্ধ্যা সোয়া ছয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিভিআইপি ফ্লাইটে (বিজি-০১৬) সিলেটের ওসমানী বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। ১৮ জুন সকাল সাড়ে নয়টায় তিনি সেখানে পৌঁছাবেন বলে ধারণা করে হচ্ছে। পরে সেখান থেকে পরের ফ্লাইটে ঢাকায় ফিরবেন।
বিশেষ প্রতিনিধি, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


