তবে কি মোটা মোটা অঙ্কের উৎকোচ দিয়েই পাকিস্তান সফরে জিম্বাবুয়ে ক্রিকেটারদের রাজি করিয়েছিল পিসিবি? এমন খবরই ছড়িয়ে পড়েছে। তবে পিসিবি প্রধান শাহরিয়ার খান জোর গলায় দাবি করেছেন, জিম্বাবুয়ে দলকে কোনো ঘুষ দেওয়া হয়নি। যা দেওয়া হয়েছে, সেটা তাদের পারিশ্রমিক।
‘পারিশ্রমিক’, তবে অঙ্কটা বেশ বড়ই। সব মিলিয়ে পিসিবি জিম্বাবুয়ে বোর্ডকে (জেডসিইউ) ৫ লাখ ডলার দিয়েছে, বাংলাদেশি মুদ্রায় যেটি প্রায় ৪ কোটি টাকা। জিম্বাবুয়ে দলের প্রত্যেক সদস্য পেয়েছেন সাড়ে ১২ হাজার ডলার (প্রায় দশ লাখ টাকা)। অথচ প্রথমে শোনা গিয়েছিল, পিসিবি জনপ্রতি দেবে ১০ হাজার ডলার করে। বাড়তি এই টাকাটা কি ঘুষ দিয়েছে পিসিবি? এমন প্রশ্ন উঠেছে।
যে পাকিস্তানের ছায়া কোনো দলই মাড়াতে রাজি হচ্ছিল না, সেখানে গিয়েই খেলল জিম্বাবুয়ে। তাও এমন এক সময়ে, যখন পাকিস্তানের নিত্যকার বোমাবাজি বাড়তি উত্তাপ ছড়াচ্ছিল। সফরের ঠিক আগমুহূর্তে বিদেশি কূটনীতিকদের নিহত হওয়ার খবর আসে। করাচিতে বাসে বোমা হামলায় মারা যায় ৪১ জন। তখন খবর আসে, জেডসিইউ এই সফর বাতিল করছে। পাকিস্তান সফরে তারা যাবে না। কয়েক ঘণ্টা পরেই খবর পাল্টে যায়। পাকিস্তান সফর নিশ্চিত করে জিম্বাবুয়ে।
এখন জানা যাচ্ছে, যেকোনো অবস্থায় জিম্বাবুয়েকে আনতে দর-কষাকষি করছিল পিসিবি। টাকার অঙ্কটা সম্ভবত সে কারণেই ১০ থেকে লাফিয়ে সাড়ে ১২ হাজার ডলার হয়ে যায়। মাত্র দশ দিনের সফরেই এই টাকা! যেখানে জিম্বাবুয়ের ক্রিকেটারদের সর্বোচ্চ মাসিক বেতন সাড়ে ছয় হাজার ডলার। আর্থিক সংকটের কারণে তখনো বিশ্বকাপের প্রাইজমানিও তারা পায়নি। পিসিবির কাছ থেকে নগদে পুরো টাকা নিজেদের ব্যাংক হিসাবে জমা করে তবেই পাকিস্তানের উদ্দেশে উড়াল দিয়েছে জিম্বাবুয়ে।
এমনিতেই দেশটির অর্থনৈতিক অবস্থা ভালো নয়। এই সময়ে কড়া নিরাপত্তার প্রতিশ্রুতি আর লোভনীয় অঙ্ক জিম্বাবুয়েকে রাজি করিয়েছে। তবে পিসিবি প্রধানের দাবি, এর মধ্যে ঘুষ-টুশের কোনো ব্যাপার নেই। তিনি এও বলেছেন, জিম্বাবুয়েকে দেওয়া হয়েছে বলে প্রত্যেক দলকেই এমন টাকা দেওয়া হবে। দ্বিপক্ষীয় সিরিজ যে নিয়মে হয়, সেই নিয়মেই বাকি সিরিজগুলো হবে।
শাহরিয়ার বলেছেন, ‘এটা একবারের জন্যই করা হয়েছে, তার মানে এই না পাকিস্তানে সফর করা প্রত্যেক দলকেই আমরা এভাবে টাকা দিয়ে যাব। জিম্বাবুয়ে সফরটা ব্যতিক্রম ছিল। আর আমরা কৃতজ্ঞ ওরা পাকিস্তান সফর করে গেছে বলে। এখন আমরা আগস্টে ফিরতি সফরে যাব। পরের সিরিজগুলো হবে দ্বিপক্ষীয় ভিত্তিতে। আমরা যে দলকে আতিথ্য দেব, বিনিময়ে সেই দলটি আমাদের সফরে ডাকবে। এই তো ব্যাপার।’ সূত্র: ডন।
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


