বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের প্রিয় মুখ শাবানা রূপালী পর্দা থেকে একেবারেই নিজেকে গুটিয়ে নিয়েছেন বেশ কয়েকবছর হলো। এখন স্বামীর সঙ্গে থাকেন যুক্তরাষ্ট্রে। হঠাৎ করেই কয়েকদিন হলো তিনি এসেছেন বাংলাদেশে। ঢাকায় থাকলেও কেউ তা জানতে পারেনি। তবে রবিবার তিনি ব্যক্তিগত কাজে যান পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী যশোরের বেনাপোলের কেশবপুরের বড়েঙ্গা গ্রামে। বোরকায় ঢাকা শাবানাকে পরিচয় করিয়ে না দিলে কেউই চিনতে পারছেন না যে তিনি সেই নায়িকা শাবানা!
চলচ্চিত্র এবং মিডিয়া থেকে প্রায় মুখ লুকিয়ে থাকা কিংবদন্তী অভিনেত্রী শাবানা হঠাৎ হঠাৎই দেশে আসেন। বোরখা পড়া অবস্থায় শাবানার বেনাপোলের ওই এলাকায় বছরে একবার বা দু’বারের যাতায়াতের খবর এরই ভেতরে গ্রামবাসী জেনে গেছেন। তাই এখন তাকে আরও সাবধানে লুকিয়েই আসতে হয়।
নিজের এই সফর প্রসঙ্গে শাবানা বলেন, ‘একান্ত নিজেদের একটি কাজে হঠাৎ আমেরিকা থেকে আসতে হলো।’
মাঝে যৌথ প্রযোজনায় ভারত-বাংলাদেশের তারকাদের নিয়ে চলচ্চিত্র নির্মাণের কথা উঠলেও আবারও নতুন ছবি প্রযোজনার কাজ করবেন কি-না জানতে চাইলে শাবানা বলেন, ‘এখন তো অনেকেই দুই বাংলা নিয়ে কাজ করছে। ওরা শুরু করুক। আমিও হয়তো খুব শিগগিরই এ নিয়ে সিরিয়াসলী কাজ শুরু করবো।’
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


