নানা ঘটনা, নানা পরিবর্তনের সাক্ষী এই লাল আলোটা। বার্লিনের দেওয়াল তখনও ভাঙা হয়নি। তার দু’বছর আগে থেকে জ্বলছে জার্মানির ড্রেসডেন শহরের এই ট্রাফিক সিগন্যালের লাল আলো৷বছরের পর বছর কেটে গিয়েছে৷ কিন্তু আলোর রং বদলায়নি৷ গত ২৮ বছর ধরে ড্রেসডেন শহরের এই ট্রাফিক সিগন্যালের আলো লাল হয়ে রয়েছে৷
গোটা বিষয়টি স্পষ্ট করা যাক৷ ১৯৮৭ সালে ড্রেসডেন শহরে গুরুত্বপূর্ণ এক চার মাথার মোড়ে বসানো হয় এক ট্রাফিক সিগন্যাল। এর ঠিক দক্ষিণেই এলবে নদী। চার মাথার বাকি তিন দিকের ট্রাফিক সিগন্যালের আলোর পরিবর্তন হয়। শুধু কোনও গাড়ি সোজা যেতে গেলেই লাল সংকেতের মুখে পড়তে হয়। গত ২৮ বছর ধরে এই অদ্ভুত ট্রাফিক সিগন্যাল রক্ষণাবেক্ষণের জন্য খরচ হয়েছে প্রায় দেড় লক্ষ ইউরো।
কিন্তু এত টাকা খরচ করে কেন জ্বালিয়ে রাখা হয় ট্রাফিকের লাল আলো? শহরের প্রশাসনিক কর্তারা বলছেন, আইনের অক্ষরে অক্ষরে পালনের জন্য লালবাতি জ্বালিয়ে রাখতে হচ্ছে। ওই রাস্তাটা বন্ধ করে রেখে গাড়িগুলিকে ঘুরিয়ে অন্য রাস্তায় পাঠানো হচ্ছে। তাহলে তো ‘স্টপ’ সাইনবোর্ড ঝুলিয়েও লালবাতি বন্ধ করা যেত৷ এখানেও রয়েছে একটি সমস্যা৷ রয়েছে আইনের বজ্রআটুনি৷ শহরের ট্রাফিক আইনে পরিষ্কার লেখা আছে স্টপ নয় লাল বাতি জ্বালিয়ে রাখতে হবে৷
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


