ভারত ও বাংলাদেশের মধ্যকার ছিটমহল নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন বাংলাদেশের চিত্র পরিচালক হাবিবুর রহমান হাবিব। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে। সিনেমাটির নাম ‘শেষপ্রহর’।
ছিটমহলবাসীর মানবিক সংকটকে উপজীব্য করে সিনেমাটি তৈরি হবে। নির্মাতা জানালেন, সব কিছু ঠিক থাকলে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শুটিং শুরু হবে। এখন পূর্ব-প্রস্তুতির কাজ চলছে। তিনি বলেন, ছিটমহলের মানুষদের আত্মপরিচয় সংকটের মানবিক গল্পই তুলে ধরা হবে সিনেমাটিতে। ভৌগোলিক সীমারেখা কিভাবে মানুষকে বন্দি করে রাখে এটাই দেখানো হবে। শিল্পীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘শিল্পী তালিকা এখনো চূড়ান্ত করিনি। নবীন-প্রবীণ শিল্পীরা থাকবেন সিনেমাটিতে।’
হাবিবুর রহমান হাবিব ২০১৩ সালে নির্মাণ করেন ‘রূপগাওয়াল’। গ্রামীণ গল্প নিয়ে নির্মিত হয় সিনেমা। প্রথমটির মতই প্রান্তিক মানুষের কথা থাকবে নতুন সিনেমায়।
বিনোদন প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


