কেএফসিতে মুরগির বদলে ইঁদুর ফ্রাই করে দেওয়া হয়েছে বলে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দেওয়া হয়। যার ফলে বিখ্যাত ফাস্ট ফুড চেইন কেন্টকি ফ্রায়েড চিকেন বা(কেএফসি)-র বিরুদ্ধে একটি অভিযোগ ওঠে।
কেএফসি-র ক্যালিফোর্নিয়া শাখায় এক ক্রেতা অর্ডার দেন চিকেন নাগেট। অথচ প্লেটে তার বদলে আসে ডিপ ফ্রায়েড ইঁদুর, এমনই দাবি সেই ক্রেতার। অন্তত তাঁর দেওয়া ছবি দেখে তেমনই মনে হয়েছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই, ওঠে বিতর্কের ঝড়। এরপর অন্তত দু’বার ভাববেন ক্রেতারা তাঁদের প্রিয় ডিপ ফ্রায়েড চিকেন কেএফসি থেকে কিনতে গিয়ে।
এরপরই ছবি বিতর্কে মুখ খোলেন কেএফসি কর্তৃপক্ষ। বিখ্যাত ফাস্ট ফুড চেইনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ছবিটি সম্পূর্ণ মিথ্যে, ছবির মাধ্যমে সকলকে ভাঁওতা দিচ্ছে ওই ক্রেতা।
কেএফসি কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাঁদের মার্কিন যুক্তরাষ্ট্রের এক শাখার বিরুদ্ধে একটি অভিযোগ এনেছেন এক ক্রেতা। সেই ক্রেতার দাবি, তাঁকে ডিপ ফ্রায়েড চিকেনের বদলে ইঁদুর ভাজা দেওয়া হয়েছিল প্লেটে। এই অভিযোগের ভিত্তিতে কেএফসি কর্তৃপক্ষ দাবি করেছেন, সেই ক্রেতা তাঁদের সঙ্গে তদন্তে কোনওভাবেই সহযোগিতা করছেন না। ফাস্ট ফুড চেইনের পক্ষে দাবি করা হয়েছে, ছবিটি আরেক ভাবেও তোলা হয়েছে। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে সাদা মাংসের চিকেন দিয়ে তৈরি হয়েছে পদটি।
কেএফসি-র আরও দাবি, সেই ব্যক্তি কাউকে সেই বিতর্কিত খাবারটি দেখতে বা পরীক্ষা করতেও দিচ্ছেন না। তাই কেএফসি কর্তৃপক্ষ দাবি করেছে ছবিটির মাধ্যমে সম্পূর্ণ ভাঁওতা দেওয়া হচ্ছে অন্য ক্রেতাদের, এবং ধন্যবাদ জানিয়েছেন সেই সমস্ত ক্রেতাদের যাঁরা এরপরও তাঁদের ওপর ভরসা রেখেছেন তাঁদের সংস্থার খাদ্যের গুনগত মানের জন্য।
গত সপ্তাহেই ক্যালিফোর্নিয়ার বাসিন্দা ডেভোরিস ডিক্সঅন সকলকে চমকে দিয়েছিলেন কেএফসি-র একটি ছবি দিয়ে। তাঁর দাবি মতো তিনি অর্ডার দিয়েছিলেন চিকেন নাগেট, তাঁকে প্লেটে দেওয়া হয়েছিল ডিপ ফ্রায়েড ইঁদুর।
নিউজ ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


