চুয়াডাঙ্গায় পুলিশ কনস্টেবল হেলাল পারভেজের স্ত্রী শান্তা বেগম (২৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। জেলা পুলিশ লাইন কোয়ার্টারে শনিবার ভোররাতে এই ঘটনা ঘটে।
শান্তা বেগম মাগুরা জেলা শহরের ভাইনার মোড়ের জিবলী গাজীর মেয়ে। তার সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে।
চুয়াডাঙ্গা পুলিশ লাইনের এসআই আমিরুল ইসলাম জানান, শনিবার ভোরে হৈচৈ শুনে পারভেজের কোয়ার্টারে গিয়ে দেখা যায় তার স্ত্রী শান্তা নিজ রুমের সিলিং ফ্যানের সাথে ঝুলে রয়েছেন। এসময় কোয়ার্টারের অপর সদস্যরা তাকে সিলিং ফ্যান থেকে নামিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আমিরুল ইসলাম আরো জানান, কয়েক মাস হলো এসএএফ কনেস্টেবল-৬২২ হেলাল পারভেজ পুলিশ লাইনের কোয়ার্টারে এসে বসবাস শুরু করেন। স্বামীর সাথে মনোমালিন্যের কারণেই শান্তা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
শান্তার বাবা জিবলী গাজী জানান, চার বছর আগে পারিবারিকভাবে মাগুরা জেলার শ্রীপুর গ্রামের নবাবুল মাষ্টারের ছেলে হেলাল পারভেজের সাথে শান্তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে খুব বড় ধরনের কলহ না থাকলেও মাঝে মধ্যে ঝগড়া বিবাদ হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি লিয়াকত হোসেন জানান, এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


