বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিজিবি জওয়ানকে চারদিনেও ফেরত দিল না মিয়ানমার

BGB-captutured-In-Myanmar-18-06-15Newsworldbd - Copyসীমান্ত নদী ‘নাফ’-এ টহলের সময় ধরে নিয়ে যাওয়া বিজিবি জওয়ানকে চারদিনেও ছেড়ে দেয়নি মিয়ানমার। বরং তাদের পত্রপত্রিকায় তার হাতকড়া পড়া ছবি প্রকাশিত হচ্ছে। বাংলাদেশ যোগাযোগ করলে বারবারই বৈঠকের আশ্বাস মিলছে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) কাছ থেকে। কিন্তু রাজ্জাককে ছাড়ার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হচ্ছে না। যোগাযোগ করা হলে বিজিপি জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া রাজ্জাককে ফেরত দেওয়া সম্ভব নয়।

বিজিবি বলছে, আটক রাজ্জাককে ফেরত চেয়ে কয়েক দিন যোগাযোগ অব্যাহত রেখেছে বিজিবি। এ বিষয়ে বিজিবি ও বিজিপির মধ্যে বৃহস্পতিবার সকালে টেকনাফ স্থলবন্দরের ডাকবাংলোতে পতাকা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু মিয়ানমার বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না পাওয়ায় বৈঠক হয়নি।

টেকনাফ ৪২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ বলেন, নাফ নদীর লালদিয়া এলাকা থেকে ধরে নেওয়ার পর বিজিপি স্বীকার করেছে রাজ্জাক রইগ্যাদং পুলিশ ক্যাম্পের হেফাজতে রয়েছে। তিনি নিরাপদ ও সুস্থ আছেন বলে জানানো হয়। তারা এখনো একই কথা বলেছে বলে জাহিদ জানান।

এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমান বিকেলে বলেন, আজও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হয়েছে। তারপরও আমরা আশায় ছিলাম আজ (শনিবার) যে কোন সময় তাদের কাছ থেকে বৈঠকের সাড়া পাওয়া যাবে। কিন্তু তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে এখনো অনুমতি পায়নি বলে জানান। অনুমতি পাওয়া পর পর বৈঠকের মাধ্যমে রাজ্জাককে ফেরত দেওয়া হবে বলেও নিশ্চিত করেছেন।

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন