মাওবাদী হামলায় ফের রক্তাক্ত ছত্তীসগঢ়। এবারও মাওবাদীদের নিশানায় পুলিশ। দন্তেওয়াড়া জেলা প্রশাসন সূত্রের খবর, শনিবার সকালে গিদম থানা থেকে স্থানীয় বাজারে জিনিস কিনতে গিয়েছিলেন ছত্তীসগঢ় সশস্ত্র পুলিশের কয়েকজন কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাজার করে ওই পুলিশকর্মীরা যখন থানায় ফিরছিলেন, সেইসময় তাঁদের ঘিরে ধরে এলোপাথাড়ি গুলি চালায় ৬ মাওবাদী। ঘটনাস্থলেই মৃত্যু হয় মঙ্গদু টক্কা নামে এক পুলিশকর্মীর। গুলিবিদ্ধ ২ পুলিশকর্মীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় জখম হয়েছেন কয়েকজন স্থানীয় বাসিন্দাও।
পুলিশের দাবি, সাধারণ পোশাকে বাজারের ভিড়ে মিশে ছিল সশস্ত্র মাওবাদীরা। হামলার পরই লাগোয়া জঙ্গলে গা ঢাকা দেয় তারা। পুলিশের ওপর হামলার তীব্র নিন্দা করেছেন ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী রমন সিংহ।
এর আগে গত ১৪ এপ্রিল, এই দান্তেওয়াড়াতেই রাজ্য সশস্ত্র পুলিশকে টার্গেট করে মাওবাদীরা। ল্যান্ডমাইন বিস্ফোরণে ৫ পুলিশকর্মীর মৃত্যু হয়। আহত হন ৭ জন। ঘটনার পর মাওবাদী বিরোধী অভিযান আরও তীব্র করে প্রশাসন। তারমধ্যেই এবার জনবহুল বাজারে পুলিশের ওপর হামলা চালাল মাওবাদীরা।
কলকাতা ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


