মিরপুরে প্রথম ম্যাচে ৭৯ রানে জিতে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশ দ্বিতীয় ওয়ানডেতেও চেপে ধরে ভারতকে। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামলেও স্বাগতিক বোলারদের দুর্দান্ত বোলিংয়ে রানের জন্য রীতিমতো লড়াই করতে হয় ‘টিম ইন্ডিয়া’কে। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বৃষ্টি এসে খেলায় বাগড়া দেওয়ার আগে রীতিমতো যুদ্ধ করছিল ভারত। ৪৩.৫ ওভারে ১৯৬ রানে ৮ উইকেট নেই ভারতের। ররীন্দ্র জাদেজা ১৯ ও ভূবনেশ্বর কুমার ২ রানে উইকেটে আছেন। মূলত ৫ উইকেট নিয়ে এদিনও ভারতকে চূর্ণ করে দেন মুস্তাফিজ; যাকে এর আগের ম্যাচে ধাক্কা দিয়ে শাস্তি পেয়েছেন ধোনি। সেই ধোনিকেও অবশ্য এদিন মুস্তাফিজই আউট করেন।
পঞ্চম উইকেটে ৫৩ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না। কিন্তু দ্বিতীয় স্পেলে বল করতে এসেই ভারতকে ভোগাচ্ছেন মুস্তাফিজুর রহমান। আউট করেছেন রায়না, ধোনি, অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিনকে। টানা দ্বিতীয় ম্যাচে পাঁচ উইকেট নিয়েছেন বাঁ-হাতি পেসার মুস্তাফিজ। এরপরই বৃষ্টি এসে বন্ধ করে দিয়েছে খেলা। এই প্রতিবেদন লেখার সময় ৪৩.৫ ওভারে আট উইকেটে অতিথিদের রান ১৯৬।
অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নিয়ে ভারতের বিপক্ষে জয়ের নায়ক মুস্তাফিজুর রহমান জ্বলে উঠেছেন দ্বিতীয় ওয়ানডেতেও। ইনিংস ও নিজের দ্বিতীয় বলে রোহিত শর্মাকে সাব্বির রহমানের দারুণ ক্যাচ বানিয়ে শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছেন এই বাঁ-হাতি পেসার। টস জিতে ব্যাট করতে নেমে শূন্য রানে রোহিতকে হারানোর পর ভারতকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করছিলেন অন্য ওপেনার শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। ত্রয়োদশ ওভারে নাসির হোসেনের লেগব্রেকে বিভ্রান্ত হয়ে এলবিডব্লিউ হয়ে গেছেন কোহলি (২৩)। ২১তম ওভারে ৫৩ রান করা শিখর ধাওয়ানকেও আউট করেছেন নাসির। পরের ওভারে অজিঙ্কা রাহানের বদলে দলে সুযোগ পাওয়া আম্বাতি রাইডুকে শূন্য রানে ফেরত পাঠিয়েছেন রুবেল হোসেন।
প্রথম ম্যাচে ৭৯ রানের সহজ জয় পাওয়া মাশরাফির দল রোববারও সাফল্য পেলে মেতে উঠবে সিরিজ জয়ের আনন্দে। তবে এবার টস জিততে পারেননি বাংলাদেশ অধিনায়ক। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ঘরের মাঠে টানা নয় ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নেমেছে বাংলাদেশ। গত অক্টোবর-নভেম্বরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর এপ্রিলে পাকিস্তানের বিপক্ষেও তিনটি ওয়ানডেতে জয় পেয়েছিলেন সাকিব-মাশরাফিরা। তার সঙ্গে যোগ হয়েছে গত বৃহস্পতিবারের ৭৯ রানের জয়।
বাংলাদেশ মাঠে নেমেছে প্রথম ম্যাচের দল অপরিবর্তিত রেখে। তিনটি পরিবর্তন আছে ভারতীয় দলে। বাদ পড়েছেন অজিঙ্কা রাহানে, উমেশ যাদব ও মোহিত শর্মা। দলে এসেছেন আম্বাতি রাইডু, অক্ষর প্যাটেল ও ধাওয়াল কুলকার্নি।
বাংলাদেশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
ভারত : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, অক্ষর প্যাটেল ও ধাওয়াল কুলকার্নি
ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


