বুধবার ৪ নভেম্বর ২০২৬

মিশনারিজ অব চ্যারিটির সিস্টার নির্মলা পরলোকে

Sister-Nirmalaমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করা কলকাতার মিশনারিজ অব চ্যারিটিজের মাদার তেরেসার উত্তরসূরি সিস্টার নির্মলা আর নেই। মঙ্গলবার ২৩ জুন সকালে তিনি কলকাতায় মারা গেছেন। কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন মিশনারিজ অব চ্যারিটির প্রধান সিস্টার নির্মলা।

মিশনারিজ অব চ্যারিটির এক কর্মকর্তা বলেন, মৃত্যুকালে সিস্টার নির্মলার বয়স ছিল ৮১ বছর। কলকাতার শিয়ালদহের সেন্ট জন’স চার্চে সিস্টার নির্মলার মরদেহ রাখা হয়েছে। বুধবার তার মরদেহ কলকাতার মাদার হাউসে নেওয়ার পর বিকেল শেষকৃত্য হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় সিস্টার নির্মলার মৃত্যুতে শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রী মোদি টুইটারে দেওয়া ওই বার্তায় বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের কল্যাণে সিস্টার নির্মলা তাঁর জীবন উৎসর্গ করেছেন। তিনি তাঁর আত্মার শান্তি কামনা করেন।

টুইটারে দেওয়া এক বার্তায় ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বলেন, সিস্টার নির্মলার মৃত্যুতে তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি নোবেলজয়ী মাদার তেরেসার আদর্শকে সামনে রেখে দরিদ্র মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন।

১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে মাদার তেরেসা ও মিশনারিজ অব চ্যারিটিজের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এজন্য তাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননাও দেওয়া হয়েছে।

মাদার তেরেসার মৃত্যুর ছয় মাস আগে ১৯৯৭ সালের ১৩ মার্চ নির্মলা জোশি মিশনারিজ অব চ্যারিটির সুপিরিয়র জেনারেল হিসেবে নির্বাচিত হন।

কলকাতা ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন