মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর হাতে অপহরণ হওয়া বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দেওয়ার বিষয়ে বৈঠকের বসতে রাজি জানিয়ে একটি চিঠি পাঠিয়েছে মিয়ানমার সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
চিঠিতে রাজ্জাককে ফেরতের বিষয়ে পতাকা বৈঠকের দিন নির্ধারণের পাশাপাশি বিজিবির পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নাম জানাতে বলা হয়েছে।
চিঠিতে নায়েক রাজ্জাককে ফেরতের বিষয় নিয়ে পতাকা বৈঠকের জন্য দিন, তারিখ নির্ধারণের পাশাপাশি পাঁচ সদস্যের বিজিবির প্রতিনিধি দলে কারা থাকবেন তা জানাতে বলা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, বৈঠক অনুষ্ঠিত হবে মিয়ানমারের মংডু শহরে।
গত ১৭ জুন নায়েক রাজ্জাক মিয়ানমারের বিজিপির হাতে অপহৃত হন।
মঙ্গলবার ২৩ জুন বিকেলে ৪২ বিজিবির সদর দপ্তরে এ চিঠি পাঠানো হয় বলে কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান জানান।
এম এম আনিসুর রহমান জানান, মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ ২ নম্বর ব্যাটালিয়নের অধিনায়ক লে থিন কো কো স্বাক্ষরিত একটি চিঠি মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে পাঠিয়েছেন।
এ দিকে মঙ্গলবার রাত আটটা পর্যন্তও পতাকা বৈঠকে বিজিবির কারা অংশ নেবেন সে ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।
রোহিঙ্গাদের নিয়ে টানাপড়েনের মধ্যে গত ১৭ জুন কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে গোলাগুলির পর বিজিবির নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। তখন বিপ্লব নামে একজন বিজিবি সদস্য গুলিবিদ্ধও হন। এরপর ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনার প্রতিবাদ জানিয়ে দ্রুত বিজিবি সদস্যকে ফেরত দেওয়ার দাবি জানায়। বিষয়টি নিয়ে মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেশটির পররাষ্ট্রসচিবের সাথে আলোচনা করলে জানানো হয়, নায়েক রাজ্জাক অবৈধভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেছে। তাই এর বিচার প্রক্রিয়া শেষেই তাকে ফেরত দেওয়া হবে। এই ঘোষণার পর বাংলাদেশের পক্ষ থেকে তাকে নিঃশর্ত ফিরিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। তবুও বিষয়টিতে কালক্ষেপন করতে থাকে মিয়ানমার কর্তৃপক্ষ।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


