ঢাকায় বাংলাদেশ ব্যাংকে কর্মরতদের মধ্যে অন্তত পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারী বিপাকে পড়েছেন। রমজান মাস উপলক্ষ্যে ব্যাংকের ক্যান্টিন বন্ধ থাকায় দুপুরের খাবার নিয়েই মূলত এদের বিপত্তি। এদের মধ্যে অন্য ধর্মের অনুসারীরা ছাড়াও মুসলিমও রয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের সুত্রগুলো জানায়, ব্যাংকে প্রায় তিন হাজার কর্মকর্তা কর্মচারি রয়েছে। এরমধ্যে চার থেকে ৫ শ’ কর্মকর্তা-কর্মচারী বয়স্ক লোক, অসুস্থ ও অন্য ধর্মাম্বলী হওয়ায় দুপুরের খাবারের প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, কর্মচারিদের জন্য উন্নত ক্যান্টিন ব্যবস্থা থাকার কারণে এসব কর্মকর্তা-কর্মচারি সেখানেই খাওয়া দাওয়া করে থাকেন এবং সেভাবেই অভ্যস্থ হয়ে উঠেছেন।
রমজান উপলক্ষে ক্যান্টিন বন্ধ থাকার কারণে এ সব কর্মকর্তাদের ভোগান্তি বেড়েছে। এ ব্যাপারে নাম প্রকাশ করে কেউ কিছু বলতে না চাইলেও অরোজদার এসব মানুষ আংশিক হলেও ক্যান্টিন খোলা চায়। প্রয়োজনে রমজানের পবিত্রতা রক্ষায় সংরক্ষিতভাবে ক্যান্টিন খোলা রাখা হোক বলেও তাদের দাবি।
এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের একজন ডিজিএম এই প্রতিবেদককে বলেন, রোজার পবিত্রতা রক্ষার জন্য ক্যান্টিন বন্ধ রেখে পরিস্থিতি যেভাবে মোকাবেলা করা হচ্ছে, তাতে রমজানের পবিত্রতা আরো ক্ষুন্ন হচ্ছে। কারণ ক্যান্টিন বন্ধ রাখার ফলে কেউ হোটেলে যাচ্ছে, কেউ সেকশনে বসে খাচ্ছে, কেউ না খেয়ে থাকছে। এর চেয়ে ক্যান্টিন খোলা থাকলে যার যার মত করে ক্যান্টিনে বসে খেয়ে আসতো।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


