বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিশ্বের অদম্য ১০ মুসলিম নারীর তালিকায় হাসিনা-খালেদা

Female-10-Muslimবিশ্বের মুসলিম দেশগুলোর ১০ ‘অদম্য নারীর’ তালিকা তৈরি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন ম্যাগাজিন ‘ব্রাউন গার্ল’। এতে অদম্য শীর্ষ দশ মুসলিম নারীকে নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে। তালিকায় প্রয়াত বেনজির ভুট্টোকে এক নম্বর হিসেবে দেখানো হয়েছে। এছাড়া ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেঘবতী সুকর্ণপুত্রি দ্বিতীয় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় অবস্থানে রয়েছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিরোধী বিএনপি নেত্রী খালেদা জিয়া রয়েছেন চার নম্বরে। পঞ্চম অবস্থানে কসোবোর বর্তমান নারী প্রেসিডেন্ট আতিফিতে জাহজাগা।

তালিকায় ষষ্ঠ নাম এসেছে তুরস্কের প্রাক্তন ও একমাত্র নারী প্রধানমন্ত্রী তানসু সিলারের নাম। সেনেগালের প্রধানমন্ত্রী মামি বদিউর বউয়ি সপ্তম, সেনেগালের আরেকজন নারী প্রধানমন্ত্রী আমিনেতা তোরে অষ্টম, মালির প্রধানমন্ত্রী সাইজি মরিয়ম কায়দামা সিদিবি নবম এবং দশম অবস্থানে মরিশাসের বর্তমান নির্বাচিত প্রেসিডেন্ট আমিনা গারিব ফাকিম।

অদম্য নারীদের এই তালিকার যৌক্তিকতা সম্পর্কে ম্যাগাজিনটি বলেছে, বিশ্বে মুসলিম নারীকে ‘নির্যাতিত’ বা ‘অধিকতর নির্যাতিত’ হিসেবে উপস্থাপন করা হয়। অথচ বাস্তবতা হচ্ছে অন্য ধর্মের নারীর মতো মুসলিম নারীরাও আজ পিছিয়ে নেই। তারা তাদের যোগ্যতার বলে রাষ্ট্র পরিচালনার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং করছেন। তারা তাদের দেশে নারীদের মধ্যে প্রভাবও রাখছেন এবং অন্য নারীদের অনুপ্রাণিত করছেন।

বেনজির ভুট্টো: পাকিস্তানের ১১তম ও দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী। একই সাথে তিনি মুসলিম বিশ্বেরও প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। তিনি প্রথম মেয়াদে ১৯৮৮-৯০ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৩-৯৬ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

মেঘবতী সুকর্ণপুত্রি: মুসলিম এ নারী ২০০১-০৪ সাল পর্যন্ত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

শেখ হাসিনা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৯ সালের জানুয়ারি থেকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন। ১৯৯৬- ২০০১ সাল পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

খালেদা জিয়া: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের দ্বিতীয় গণতান্ত্রিক দেশের সরকার প্রধান হিসেবে নির্বাচিত হন। তিনি প্রথম মেয়াদে ১৯৯১-৯৬ সাল পর্যন্ত এবং দ্বিতীয় মেয়াদে ২০০১-০৬ সালে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আতিফিতে জাহজাগা: কসোবোর বর্তমান নারী প্রেসিডেন্ট আতিফিতে জাহজাগা। তিনি কসোবোর প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট। বলকান অঞ্চলের প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট তিনি। একই সাথে তিনি বিশ্বে সর্বকনিষ্ঠ নির্বাচিত প্রেসিডেন্টের তালিকায় নিজের নাম লেখান।

তানসু সিলার: তুরস্কের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী তানসু সিলার। শিক্ষাবিদ ও অর্থনীতিবিদ এই নারী ১৯৯৩-৯৬ পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

মামি বদিউর বউয়ি: মুসলিম নারী বউয়ি ২০০১-২০০২ সালে সেনেগালের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আমিনেতা তোরে: সেনেগালের অন্য একজন নারী প্রধানমন্ত্রী আমিনেতা তোরে। ২০১২-১৪ সালে সেনেগালের প্রধানমন্ত্রীর আসনে তিনি অধিষ্ঠিত হন।

সাইজি মরিয়ম কায়দামা সিদিবি: মালির এ মুসলিম নারী শিক্ষাবিদ অধ্যাপক সিদিবি নামে পরিচিত। শিক্ষাবিদ থেকে রাজনীতিবিদে পরিণত হয়ে মালির প্রধানমন্ত্রী নির্বাচিত হন ২০১১ সালে। তিনি ২০১১-১২ সালে মালির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সিদিবি মালির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশটির রাজনৈতিক ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন।

আমিনা গারিব ফাকিম: মরিশাসের বর্তমান নির্বাচিত প্রেসিডেন্ট আমিনা গারিব ফাকিম। আমিনা বিশ্বের সর্বশেষ নির্বাচিত প্রেসিডেন্ট। আমিনা একই সাথে রাষ্ট্র ও প্রতিরক্ষা প্রধানের দায়িত্ব পালন করেছেন।

ওয়েব ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন