আমেরিকায় কেএফসিতে ইঁদুর ভাজা দেওয়ার খবরের পর এবার ভারতে কেএফসির খাবারে মানবদেহের জন্য ক্ষতিকর দুই ধরনের ব্যাটটেরিয়া পাওয়া গেছে। ইঁদুর ভাজার বিষয়টি প্রমাণ না পাওয়া গেলেও ভারতের তেলেঙ্গানায় ক্ষতিকর স্যালমোনিলা ও ই-কোলাই ব্যাকটেরিয়া পাওয়ার প্রমাণ পাওয়া গেছে। রাজ্যের সরকারি খাদ্য পরীক্ষাগার স্টেট ফুড ল্যাবরেটরিতে (এসএফএল) কেএফসির খাবারের নমুনা পরীক্ষায় ওই জীবাণু পাওয়ার পর গবেষকরা এসব খাবারকে ‘অনিরাপদ’ হিসেবে চিহ্নিত করেছেন বলে শুক্রবার টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে।
১৮ জুন রাজ্যের হিমায়াতনগর, বিদ্যানগর, চিক্কাডপ্যালি, নাচারাম এবং ইসিল এক্স রোডের শাখা থেকে খাবারগুলো সংগ্রহ করে বালালা হাকুলা সংঘ। সংঘের প্রেসিডেন্ট অনুরাধা রাও বলেন, “নমুনা সংগ্রহের দিনই কেএফসির সিলগালা প্যাকেটে রেখেই সেগুলো আমরা গবেষণাগারে জমা দেই।”
ভারতের তেলেঙ্গানায় সামাজিক অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন ‘বালালা হাকুলা সংঘ’ নামে একটি বেসরকারি সংস্থার অভিযোগের ভিত্তিতে তেলেঙ্গনার এসএফএলে কেএফসির খাবারের পরীক্ষা হয়। ওই রাজ্যে কেএফসির আলাদা পাঁচটি শাখা থেকে সংগ্রহ করা পাঁচটি নমুনা পরীক্ষার পর গত ২৪ জুন প্রতিবেদন দেন এসএফএলের খাদ্য বিশ্লেষক এ ভি কৃষ্ণকুমারী।
তেলেঙ্গানারা সরকারি খাদ্য বিশ্লেষক বলেন, “আমি এ সিদ্ধান্তে পৌঁছেছি যে, খাবারের এসব নমুনায় স্যালমোনিলা ও ই. কলাই রয়েছে, যেগুলো জীবাণু এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এগুলো অনিরাপদ।”
স্যালমোনিলা ও ই. কলাই ব্যাকটেরিয়া এক ধরনের জীবাণু, যা প্রাণীদেহে প্রবেশের পর পোষকের দেহে নানা ধরনের রোগ-ব্যাধি সৃষ্টি করে।
পরীক্ষার ফল নাকচ করে কেএফসি কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের খাবারে এ ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকার কথা নয়। তবে খাবারগুলো তাদের কাছ থেকে সংগ্রহের পর থেকে গবেষণাগারে পৌঁছানো পর্যন্ত কোন পরিবেশে ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছে কেএফসি।
এক লিখিত বিবৃতিতে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা করে আসা যুক্তরাষ্ট্রের এই ফাস্ট ফুড বিক্রেতা প্রতিষ্ঠান বলেছে, “কথিত এই প্রতিবেদন একটি ভুয়া অভিযোগ ছাড়া কিছু নয়। আমাদের কোনো শাখা থেকে খাবারের নমুনা সংগ্রহের ব্যাপারে আমাদের কিছু জানা নেই এবং কোন পরিবেশে এসব পরীক্ষার জন্য বহন করা হয়েছিল?”
কলকাতা ব্যুরো
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


