বুধবার ৪ নভেম্বর ২০২৬

পাওলোর হ্যাটট্রিকে সেমিতে পেরু

paolo-655x360ফ্ল্যামেঙ্গো স্ট্রাইকার পাওলো গুরেরোর দুরন্ত হ্যাটট্রিক৷ আর তাতেই অনায়াসে কোপা আমেরিকার শেষ চারে পৌঁছে গেল পেরু৷ শুক্রবার ১-৩ গোলে হেরে বলিভিয়ার সফর শেষ৷ টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ে একটিও গোল আসেনি তাঁর পা থেকে৷ এমনকী ২০১২ সালে শেষ আন্তর্জাতিক গোলটি করেছিলেন পাওলো৷ তা সত্ত্বেও এই স্ট্রাইকারের ওপর ভরসা রেখে তাঁর গোল খরা কাটাতে বদ্ধপরিকর ছিলেন পেরু কোচ রিকার্ডো গ্যারেকা৷ কোচের ভরসার মর্যাদা দিয়ে সমালোচনদের যোগ্য জবাব দিলেন ৩১ বর্ষীয় পাওলো৷ দেশের জার্সি গায়ে ২৪টি গোল হয়ে গেল তাঁর৷ পেরুর সর্বোচ্চ গোলদাতা হিসেবে টেওডোরো ফার্নান্দেজের পর দ্বিতীয় স্থানে নাম উঠে এল গত তিন বছর ধরে ব্রাজিলের ক্লাবে খেলা স্ট্রাইকারের৷

সাবেক বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড ২০ ও ২৩ মিনিটে দু’বার বিপক্ষের জালে বলে জড়িয়ে প্রথমার্ধে দলকে ২-০ গোলে এগিয়ে দেয়৷ বাঁ-দিক থেকে ম্যানুয়েল ভার্গাসের ক্রস থেকে দুরন্ত হেডারে প্রথম গোলটি করেন৷ দ্বিতীয় গোলটি হয় কাউন্টার-অ্যাটাকে৷ দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি পেরু৷ ৭৪ মিনিটে বলিভিয়ার ডিফেন্স চিড়ে ম্যাচের তৃতীয় গোলটি করেন পাওলো৷ দশ মিনিট পর একটি গোল শোধ করতে সফল হন মার্সেলো মার্টিন্স৷ বলিভিয়া গোলের সহজ সুযোগ নষ্ট না করলে ম্যাচের ফল অন্যরকম হতেও পারত৷ ১৯৯৭-এর পর প্রথমবার টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে ছিল বলিভিয়া৷

সোমবার কোপার সেমিফাইনালে পেরুর প্রতিপক্ষ হোম ফেভারিট চিলি৷ উরুগুয়েকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে শক্তিশালী চিলি৷ পেরু ও চিলির মধ্যে ‘ক্লাসিকো দেল প্যাসিফিকো’ দেখতে মুখিয়ে রয়েছেন ফুটবলপ্রেমীরা৷

স্পোর্টস  ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন