জমি নিয়ে বিরোধে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় প্রতিপক্ষের হামলায় শনিবার অনিল কুমার (৫০) নামের এক পল্লী চিকিৎসক খুন হয়েছেন। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। ঘটনায় দুই নারীকে আটক করা হয়েছে।
সাদুল্যাপুর থানার পুলিশ ও নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে একটি খাস জমির মালিকানা নিয়ে জামুডাঙ্গা গ্রামের অনিল কুমারের সঙ্গে একই গ্রামের সিদ্দিক মিয়ার দ্বন্দ্ব ও মামলা চলছিল। শনিবার সকাল ১০টার দিকে সিদ্দিক মিয়া লোকজন নিয়ে ওই খাস জমিতে ঘর বানাতে যান। খবর পেয়ে অনিল কুমার ও তার লোকজন ঘর নির্মাণে বাধা দেন। এ সময় সিদ্দিক মিয়ার লোকজন অনিল কুমার ও তার লোকজনের ওপর হামলা চালায়। এতে অনিল কুমার ও তার পাঁচ ভাই আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে অনিল কুমার মারা যান। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়।
সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস বলেন, ঘটনাস্থল থেকে দা, কুড়াল, খুন্তি, বেকি ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ সিদ্দিক মিয়ার বোন সুরপি বেগম (২৮) ও মা মালেকা বেগমকে (৫০) আটক করেছে।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


