মৌসুমী বায়ুর প্রভাবে ভারত ও বাংলাদেশের এই অঞ্চলে গতকয়েকদিন ধরে চলা বর্ষণ রবিবার ২৮ জুন থেকে কমে আসবে। রবিবার বিকেলের দিকে আকাশে সূর্যের মুখও দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এই ইঙ্গিত দেওয়া হয়েছে। যদিও শনিবারের সন্ধ্যার পর থেকে রাতের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি ও ভারী বর্ষণের হতে পারে।
কয়েক দিনের টানা বৃষ্টিতে বাংলাদেশের বিভিন্ন জেলা জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে সড়কে জলাবদ্ধতায় সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও রাজধানী ঢাকার প্রতিটি প্রধান সড়কে সৃষ্টি হয়েছে যানজটের।
ঢাকার আবহাওয়া অফিস জানায়, শনিবার ২৭ জুন সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে টেকনাফে ২১৩ মিলিমিটার। এ ছাড়া ঢাকায় ১৫ মিলিমিটার, কক্সবাজারে ২১ মিলিমিটার, যশোরে ৯ মিলিমিটার, ভোলায় ২২ মিলিমিটার, চট্টগ্রামে ১১ মিলিমিটার, সন্দীপ ও চাঁদপুরে ১৮ মিলিমিটার, সীতাকুণ্ড ও মাদারীপুরে ১৯ মিলিমিটার বৃষ্টিপাত ধারণ করা হয়েছে।
ঢাকার আগারগাঁও আবহাওয়া অফিসের দায়িত্বরত আবহাওয়াবিদ আরিফ হোসেন শনিবার বিকেলে জানান, রবিবার বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে থাকবে। বিকেলের দিকে দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে বৃষ্টির কারণে ঢাকা শহরের মিরপুর, মুগদা, মালিবাগ, শান্তিনগর, সদরঘাট, লক্ষ্মীবাজার, শ্যামবাজার, সোয়ারীঘাট এলাকায় বৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


