রাত পোহালেই রবিবার ২৮ জুন ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ভোকেশনাল ট্রেনিংয়ের এন্ট্রান্স পরীক্ষা৷ পরীক্ষার আগের দিন শনিবার বিকেল থেকে শুরু হয়ে সারারাত রাজ্যের বিভিন্ন জেলায় উত্তর-সহ প্রশ্নপত্র বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ হাজার টাকায়৷ ১ থেকে ৫০ পর্যন্ত প্রশ্ন সাজানো৷ বাঁদিকে ইংরেজিতে, ডানদিকে বাংলায়৷ প্রত্যেকটি প্রশ্নে এ, বি, সি, ডি– চারটি অপশন দেওয়া৷ টিক দিতে হবে৷ আই টি আই-এর প্রশ্নপত্র যেমন হয় আর কি৷ শুধু প্রশ্নপত্রের মাথাটা সুকৌশলে ছিঁড়ে রাখা হয়েছে৷ অবশ্য বিভিন্ন সময়ে এ রাজ্যে ও দেশে যতবার প্রশ্ন ফাঁস হয়েছে, এই আকৃতিতেই পাওয়া গেছে৷
রাত পোহালেই রবিবার লক্ষাধিক পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাবেন রাজ্য জুড়ে৷ বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার প্রস্তুতিও সাড়া৷ এই অবস্হায় জেলায় জেলায় রীতিমতো শোরগোল পড়ে গেছে এই প্রশ্নপত্র নিয়ে৷
রবিবার পরীক্ষা শুরু হলেই পরিষ্কার হয়ে যাবে প্রশ্নপত্র আদৌ ফাঁস হল, নাকি অসাধু ব্যবসায়ীদের কীর্তি৷ প্রশ্ন মিলে গেলে তা হবে রীতিমতো বড়সড় কেলেঙ্কারি৷
নিউজওয়ার্ল্ডবিডি ডট কমের হাতেও এমন একটি প্রশ্নপত্র এসে পৌঁছেছে৷ তবে তাতে টিক মার্ক দেওয়া নেই৷ মানে উত্তর করা নেই৷ প্রথমেই বয়েছে একটি বীজগণিতের প্রশ্ন৷ দ্বিতীয় প্রশ্নটি হল ১ থেকে ২৫ পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি হয়– ৩১২, ৩২৪, ৩২৫, ২৬০৷ একটিতে টিক মারতে হবে পরীক্ষার্থীকে৷ পাঁচটি পাতায় রয়েছে মোট ৫০টি প্রশ্ন৷
বীজগণিত, ত্রিকোণমিতি, পাটিগণিত, পদার্থ বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইংরেজি ও ইতিহাস থেকে এমন ৫০টি প্রশ্ন থরে থরে সাজানো প্রশ্নপত্রের আকারে৷
৫০ নম্বর প্রশ্নটি রয়েছে, টেলিফোন কে আবিষ্কার করেছেন? বোঝাই যাচ্ছে বেশ আটঘাট বেঁধেই বড়সড় চক্রের কাজ এটি৷
নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


