চোরাই পণ্য আটকের জন্য গেলে দিনাজপুরের বিরামপুরে বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরার ঘটনায় বিজিবির ছোঁড়া গুলিতে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৩০ জুন বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের একজন স্থানীয় একটি চা দোকানি শাহীন, অপরজন শাহীনের সহকারী সুলতান। তাদের বাড়ি বিরামপুর পৌর শহরের পূর্ব জগন্নাথপুর (কলোনিপাড়া) মহল্লায়।
বিকেলে আকস্মিক ওই ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেছেন, বিজিবি ২৯ ব্যাটালিয়নের একটি দল মঙ্গলবার বিকেলে বিরামপুরের কলোনিপাড়ায় চোরাচালানের পণ্য আটক করতে যায়। এ সময় চোরাকারবারিরা লাঠিসোঁটা নিয়ে বিজিবি সদস্যদের ওপর হামলা করে। একপর্যায়ে সাধারণ মানুষও এ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বিজিবি সদস্যরা গুলি করলে শাহীন ও সুলতান গুলিবিদ্ধ হয়ে মারা যান।
২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী এ প্রসঙ্গে দাবি করে বলেন, চোরাকারবারিরা বিজিবির ওপর হামলা চালালে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালান। তবে নিহতদের পরিচয় জানা যায়নি বলে তিনি দাবি করেন। স্থানীয় বাসিন্দা ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আবু বলেন, নিহত শাহিন চায়ের দোকানদার, সুলতান তাঁর সহকারী।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার পর থেকে উত্তেজিত এলাকাবাসী দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। তারা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটিকেও রেলস্টেশনে আটক রাখে।
সংবাদদাতা, বিরামপুর
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


