বাংলাদেশের রাজধানী ঢাকার পল্টনে ছিনতাই করে পালানোর সময় পুলিশের গুলিতে এক যুবক নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। এছাড়া ওই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার ২৯ জুন রাত সাড়ে দশটার দিকে পল্টনে তোপখানা রোডে এই ঘটনা ঘটে বলে জানান পল্টন থানার এসআই মনসুর আলী।
নিহতের নাম মো. শামীম (৩২)। আবদুল করিম (৩০) নামে আরেকজনের ডান উরুতে গুলি লেগেছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে শামীম মারা যান।
এসআই মনসুর আলী জানান, রাত সাড়ে ১০টার দিকে তোপখানা রোডের ইউবিএল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার কিছু আগে এক গাড়ি ব্যবসায়ী রিকশায় করে হাই কোর্টের দিকে যাচ্ছিলেন। পথে দুই ছিনতাইকারী যুবক তাকে ভয় দেখিয়ে এক লাখ টাকা ছিনিয়ে নেয়।
ওই ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন তাদের ধাওয়া করে। ছিনতাইকারীদের ধরতে জনতার সঙ্গে ওই এলাকায় থাকা টহল পুলিশও যোগ দেয়। পালিয়ে যাওয়ার এক পর্যায়ে তাদের ধরতে পুলিশ গুলি চালায়, বলেন এসআই মনসুর।
পরে জনতার সহায়তায় ছিনতাই করা এক লাখ টাকা উদ্ধারের পাশাপাশি গুলিবিদ্ধ অবস্থায় শামীম ও করিমকে আটক করা হয় বলে এসআই মনসুর আলী দাবি করেন।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


