ত্রিপুরা বিধানসভার দুটি উপনির্বাচনে প্রত্যাশিতভাবে বামফ্রন্ট প্রার্থীরা জয়ী হলেও চমক দিল বিজেপি। কংগ্রেসকে টপকে দ্বিতীয় স্থানে চলে এল বিজেপি। রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস দুটি আসনেই তৃতীয় স্থান পেয়েছে। এই ফলাফলে উৎসাহিত বিজেপি। দলের রাজ্য সভাপতি সুধীন্দ্র দাসগুপ্তের দাবি, আগামী ২০১৮-র বিধানসভা নির্বাচনে তাঁরাই রাজ্যের ক্ষমতা দখল করবেন।
মঙ্গলবার ৩০ জুন ত্রিপুরার প্রতাপগড় (সংরক্ষিত) ও সুরমা (সংরক্ষিত) বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষিত হয়। প্রতাপগড়ে সিপিএম প্রার্থী রামু দাস তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে হারিয়েছেন ১৭,৩২৬ ভোটের ব্যবধানে। ১০,২২৯ টি ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী মৌসুমী দাস। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী রঞ্জিত্ কুমার দাস পেয়েছেন মাত্র ৫,১৮৭ ভোট।
সুরমা আসনে বাম প্রার্থী অঞ্জন দাস জিতেছেন ১৫,৩০৯ ভোটে। এই আসনেও দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিজেপি। বিজেপি প্রার্থী আশিস দাস পেয়েছেন ৭,৯৬৬ ভোট (মোট বৈধ ভোটের ২৩.৩৬ শতাংশ)। মাত্র ২,৫২৮ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস প্রার্থী নগেন্দ্র বিশ্বাস। তাঁর প্রাপ্ত ভোটের হার মাত্র ৭.৪১ শতাংশ।
২০১৩-র বিধানসভা নির্বাচনে প্রতাপগড়ে সিপিএমের অনিল বিশ্বাস তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের রঞ্জিত কুমার দাসকে মাত্র ২,১৩২ ভোটে হারিয়েছিলেন।
ওই নির্বাচনে সাংগঠনিক দুর্বলতার কারণে ওই আসনে লড়াই-ই করেনি বিজেপি। অন্যদিকে, সুরমা আসনে ২০১৩-য় সিপিএম প্রার্থী সুধীর দাস মাত্র ১,৮৬১ ভোটের ব্যবধানে হারিয়েছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীকে। দুটি আসনেই এবার তৃতীয় স্থানে নেমে গিয়েছে কংগ্রেস।
আগরতলা সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


