আনসার সদস্য রফিকুল ইসলামের গুলিতে খাগড়াছড়ি জেলার দীঘিনালায় আমির হোসেন (৫০) নামে অপর এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল চারটার দিকে উপজেলার হেডম্যানপাড়া হিল আনসার ক্যাম্পে এ ঘটনা ঘটে। ঘটনার পর গুলি ছুঁড়তে ছুঁড়ে ঘাতক আনসার সদস্য তার ব্যবহৃত আগ্নেয়াস্ত্র নিয়ে পালিয়ে যায়।
নিহত আনসার সদস্য নায়েক আমির হোসেনের বাড়ি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ইসলামপুর গ্রামে।
হিল আনসার ক্যাম্পের এপিসি মো. ইমান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে হঠাৎ গুলির শব্দ শুনে বাইরে গিয়ে দেখি গুলিবিদ্ধ অবস্থায় নায়েক আমির হোসেন মাটিতে পড়ে আছে। আমাদের দেখে রফিকুল তার ব্যবহৃত গুলি থেকে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এসময় তার কাছে ৯০ রাউন্ড গুলি ছিল। সে গুলিসহ অস্ত্র নিয়ে পালিয়ে গেছে।
এপিসি মো. ইমান আলী আরো জানান, নায়েক আমির হোসেন বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানতে চেষ্টা করা হচ্ছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, পলাতক হিল আনসার সদস্য রফিকুল ইসলামকে আটক করতে অভিযানে নেমেছে পুলিশ।
এর আগে গেল বছরের ৫ মার্চ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট পুলিশ ফাঁড়িতে সহকর্মীর গুলিতে নিহত হন এক পুলিশ কনস্টেবল।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


