পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শুক্রবার থেকে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন সড়কপথে চলা বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। যাত্রীদের অভিযোগ, নিয়মিত ভাড়ার চেয়ে এবার যাত্রীদের গুনতে হচ্ছে টিকিট প্রতি বাড়তি বাড়া। সঙ্গে যোগ হয়েছে বিড়ম্বনা। ৩ জুলাই ভোর সাড়ে পাঁচটা থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। টিকিট থাকা সাপেক্ষে ৪ ও ৫ জুলাইও অগ্রিম টিকিট বিক্রি চলবে।
সকালে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাসের অগ্রিম টিকিটের জন্য শত শত মানুষ কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে। টিকিট-প্রত্যাশীদের অভিযোগ, টিকিটের দাম বেশি হওয়ায় তাঁরা বিপাকে পড়েছেন। লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও টিকিট পাচ্ছেন না অনেকে। আবার কেউ টিকিট পেলেও কাঙ্ক্ষিত দিন ও সময়ের টিকিট মিলছে না।
এদিকে সকাল ১০টার দিকে গাবতলীর বেশ কয়েকটি কাউন্টার ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গ রুটের বাসগুলোতে বেশ ভিড়। ওই সব রুটের বাসগুলোতে অগ্রিম টিকেট প্রত্যাশী যাত্রীদের রয়েছে দীর্ঘ লাইন। সেই সঙ্গে যাত্রীদের চোখে-মুখে কাঙ্ক্ষিত দিনের টিকেট না পাওয়ার আশঙ্কা। অনেকে বৃহস্পতিবার রাত থেকেই লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহের চেষ্টা করছেন বলেও জানিয়েছেন।
হানিফ পরিবহনের নীলফামারী রুটের দায়িত্বপ্রাপ্ত আনিসুল হক বলেন, ‘অগ্রিম টিকিটের জন্য গতকাল (বৃহস্পতিবার) রাত ১০টা থেকেই অনেকে এসে সিরিয়াল দিয়েছেন। অনেকে আবার গতকাল রাত থেকেই কাউন্টারের সামনে এসে বসেছিলেন।’
সকাল সাড়ে ৭টা থেকে বরিশালগামী সাকুরা পরিবহনের মাজার রোড কাউন্টারে লাইনে দাঁড়িয়ে রয়েছেন জুবায়ের নামে এক টিকেটপ্রত্যাশী। তিনি জানান, লাইনে দাঁড়িয়ে টিকেট সংগ্রহ করছেন তিনি। যদি আগামীতে টিকেট না পাওয়া যায় এ আশঙ্কায় বেশি দামে অনেকে টিকেট কিনছেন বলেও জানান তিনি।
বাড়তি ভাড়া নেওয়া প্রসঙ্গে হানিফ পরিবহনের ব্যবস্থাপক মোশাররফ হোসেন বলেন, ঈদে গন্তব্যস্থল থেকে খালি গাড়ি নিয়ে আসতে হয়। এ কারণে ক্ষতি পুষিয়ে নিতে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। ৯ জুলাই থেকে ঈদ পর্যন্ত বাসের টিকিটে এই বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


