পাকিস্তান-ভারত সীমান্তে আবারো জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনার সংঘর্ষের ঘটনা ঘটেছে। কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হল কমপক্ষে ৫ জঙ্গি। অন্যদিকে, জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ১ জওয়ানও। সাংবাদিকদের এ কথা জানিয়েছেন এক সেনা আধিকারিক।
তিনি বলেন, শুক্রবার বারামুল্লা জেলার উরি সেক্টরে জঙ্গিদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন জওয়ানরা। সঙ্গে সঙ্গেই বাধা দেন তাঁরা। সেনার বাধা পেয়ে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেন জওয়ানরাও। গুলির লড়াইয়ে প্রথমে ১ জঙ্গি নিহত হয়। সামান্য আহত হন ১ জওয়ান।
এরপর শুক্রবার সন্ধ্যায় দু’পক্ষের গুলির লড়াইয়ে আরও ৪ জঙ্গি মারা যায়। সেইসময় প্রাণ হারান ১ জওয়ানও। তবে, অনুপ্রবেশকারীদের মধ্যে কয়েকজন পালিয়ে গিয়ে থাকতে পারে বলেও জানিয়েছেন ওই সেনা আধিকারিক। একইসঙ্গে তিনি জানান, এলাকাটি দুর্গম। তাই জঙ্গিদের মৃতদেহ উদ্ধারে বেশ খানিকটা সময় লাগবে।
নয়া দিল্লি প্রতিনিধি
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


