৯৯ বছরের অপেক্ষার পর কোপায় শিরোপা জিতে চিলিতে বাধভাঙ্গা আনন্দের জোয়ার চলছে। আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতে চিলি। এটাই চিলির প্রথম কোনো বড় শিরোপা। ৯৯ বছরের অপেক্ষা ঘুচল তাঁদের। শিরোপা জয়ের পরেই চিলির ফুটবল দলের সঙ্গে আনন্দ ভাগ করে নেন দেশটির প্রেসিডেন্ট মিশেল ব্যাসিলেট। লা মনেডা প্রেসিডেন্ট ভবনে আনন্দের হাট বসে।
অবশেষে স্বপ্নপূরণ৷ ইতিহাস রচনা করে আনন্দের জোয়ারে ভাসছেন ভিদাল-স্যাঞ্চেজরা৷ আনন্দের জোয়ারে ভাসছে গোটা চিলি৷ ৯৯ বছরের সাধনার ফল অবশেষে হাতে ধরা দিয়েছে।
কিন্তু অদ্ভুদভাবে আবেগকে চেপে রেখেছেন চিলির কোচ সাম্পাওলি৷ পা মাটিতেই রাখছেন এই আর্জেন্টাইন ভদ্রলোক৷ এত বড় সাফল্যও যেন আনন্দের জোয়ারে ভাসিয়ে নিচ্ছে না এই আর্জেন্টাইন তাঁকে। বলেছেন, কোপা জিতলেই হবে না, বিশ্বকাপ বাছাইপর্বের কঠিন চ্যালেঞ্জ যে সামনেই অপেক্ষা করে আছে। ম্যাচের আগে এই ফাইনালকে দুই সোনালি প্রজন্মের লড়াই বলে আখ্যা দিয়েছিল সবাই।
চিলির ৯৯ বছরের আক্ষেপ ঘুচিয়ে সাঞ্চেজ-ভিদালরা প্রমাণ করে দিলেন তাঁরা এই উপাধির যোগ্য দাবিদার। কিন্তু চিলির কোচের চোখে এখন ২০১৮ বিশ্বকাপ। সাম্পাওলি ঠিক ওই দিকটাই সবার দৃষ্টি রাখতে বলেছেন।
তাঁর মন্তব্য খুব স্পষ্ট, বিশ্বকাপ বাছাইপর্বে এই খেতাবের কোনও গুরুত্ব নেই! এখানে সাম্পাওলির মধ্যে একটা ভয়ই কাজ করছে, সেই ভয়টা হলো, বড় স্বপ্ন আর আত্মতুষ্টির।
ম্যাচ শেষের সেই ব্যাপারেই সবাইকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘যখন আপনি এত সম্মানজনক কিছু জয় করেন, তখন সবাই অনেক বড় বড় স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু বাছাইপর্বে এই জয়ের কোনও প্রভাব পরবে না।’
স্পোর্টস ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


