বুধবার ৪ নভেম্বর ২০২৬

অবিবাহিতা মায়ের অভিভাবকত্বে ভারতে স্বীকৃতি

Susmita-655x360সন্তানের অভিভাবকত্ব ইস্যুতে অবিবাহিতা মায়েদের জন্য দৃষ্টান্তমূলক রায় ভারতের সর্বোচ্চ আদালতের। আদালত তার রায়ে জানিয়েছে, একজন অবিবাহিতা মা না চাইলে তাঁর সন্তানের অভিভাবকত্বের জন্য বাবার সম্মতির কোনও প্রয়োজন নেই। সেক্ষেত্রে ওই মা-ই তাঁর সন্তানের একমাত্র অভিভাবক হিসেবে গণ্য হবেন। আর সে জন্য সন্তানের বাবাকে নোটিস দেওয়ারও প্রয়োজন হবে না।

ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রমজিৎ সেনের নেতৃত্বাধীন বেঞ্চ সোমবার এই নির্দেশ দিয়েছে। এক মহিলা সরকারি গেজেটেড অফিসারের পিটিশনের শুনানির পর এই নির্দেশ দেয় আদালত। অবিবাহিতা মহিলাদের সন্তানের একক অভিভাবকত্বের জন্য বাবাকে নোটিস দেওয়া এবং বাবার পরিচয় প্রকাশের বাধ্যতামূলক যে পদ্ধতি তাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে পিটিশন দাখিল করেছিলেন তিনি।

সূত্রের খবর, ওই মহিলার একক অভিভাবকত্বের আবেদন এর আগে দিল্লির একটি ট্রায়াল কোর্ট ও হাইকোর্টে খারিজ হয়ে যায়। তারপর ২০১১ সালে তিনি সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন।

বিচারপতি বিক্রমজিৎ সেনের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, অবিবাহিতা মা যদি তাঁর সন্তানের পিতৃপরিচয় জানাতে ইচ্ছুক না হন, তাহলে কেউ তাঁর উপর জোর করতে পারে না। সেক্ষেত্রে বাবাকে নোটিস দেওয়ারও কোনও প্রয়োজন নেই।

দা হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্ডিয়ানশিপ অ্যাক্ট অনুযায়ী, সন্তানের অভিভাবকত্বের জন্য বাবা ও মায়ের “বিবাহ” অবশ্য প্রয়োজনীয়। এবং এ ক্ষেত্রে কোনও মহিলা যদি সন্তানের অভিভাবকত্ব দাবি করেন, তাহলে বাবার সম্মতি দরকার। তবে সুপ্রিম কোর্টের আজকের রায়ের ফলে সে বাধা কাটিয়ে সন্তানের মাতৃপরিচয়কে আরও বেশি অগ্রাধিকার দেওয়া হল বলে মনে করছে বিভিন্ন মহল।

নয়া দিল্লি প্রতিনিধি

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

 

আরও পড়ুন