বুধবার ৪ নভেম্বর ২০২৬

আমার হয়ে রওশন ক্ষমা চাইতে পারে না: এরশাদ

ershad-স্ত্রী রওশন এরশাদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের মতদ্বৈততার কথা প্রায় সময়ই শোনা যায়। জাতীয় পার্টিতেও এখন স্পষ্টতই দুইটি ধারা বিদ্যমান। এই অবস্থায় গত সোমবার সংসদে নারী নেতৃত্বকে শো-পিস বলা এরশাদের বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিতে রওশন এরশাদের দেওয়া বক্তব্যের প্রতিবাদ করছেন হুসেইন মুহাম্মদ এরশাদ।

নাটকীয়ভাবে দশম সংসদ নির্বাচনে অংশ নিয়ে রওশন এরশাদ বিরোধীদলীয় নেতা নির্বাচিত হওয়ার পর দলে কর্তৃত্ব নিয়ে দুইজনের মধ্যে রেষারেষির কথা প্রকাশ্যে এলেও দুজনই তা অস্বীকার করে আসছেন।

সোমবার ৬ জুলাই সংসদে অনির্ধারিত আলোচনায় ফ্লোর নিয়ে এরশাদ বলেন, নিজের কথার স্ত্রী রওশন এরশাদের দুঃখ প্রকাশ সংসদে করা যায় না। তার (এরশাদের) দেওয়া বক্তব্যের জন্য রওশনের ক্ষমা চাওয়ার বক্তব্য সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিতে স্পিকারকে অনুরোধ করেছেন এইচ এম এরশাদ।

এক সপ্তাহ আগের ঘটনাটির প্রসঙ্গ তুলে জাতীয় পার্টি চেয়ারম্যান সোমবার সংসদে বলেছেন, ভুল করলে ক্ষমা চাইলে তিনি চাইবেন। এর এখতিয়ার আর কারও নেই।

এরশাদ বলেন, এখানে সবাই সংসদ সদস্য, সবাই সমমর্যাদার। আমার ভুলের জন্য ক্ষমা চাওয়ার এখতিয়ার শুধু আমার, অন্য কারও নেই। এটা এখতিয়ার বহির্ভূত। আমি প্রত্যাহার করে নেওয়ার পর আপনি আমার বক্তব্য বাদ দিয়েছেন। আমার বক্তব্য নিয়ে অন্য একজন সদস্যের ক্ষমা চাওয়ার বক্তব্যও বাদ দেওয়ার অনুরোধ করছি।

তবে প্রধানমন্ত্রীর বিশেষ দূতের এই অনুরোধ নিয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী কোনো কথা বলেননি।

এসময় বিরোধীদলীয় নেতা রওশন অধিবেশন কক্ষে ছিলেন না।

এর মধ্যে এক সপ্তাহ আগে সংসদ অধিবেশনে বক্তব্যে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ নারী সংসদ সদস্যদের ‘শো পিস’ বলার পর রওশন দাঁড়িয়ে সেই বক্তব্যের জন্য ক্ষমা চান। স্পিকারও এরশাদের বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেন।

আগের বক্তব্যের ব্যাখ্যায় এরশাদ বলেন, নারীর ক্ষমতায়নের বিষয়টি তুলে ধরতে গিয়ে সেদিন কথা বলেছিলেন তিনি। সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের বঞ্চিত থাকার কথা বলেছিলেন তিনি।

এরশাদ সোমবার বলেন, সংসদে বৈষম্য থাকবে, তা হতে পারে না। সংসদেও সবাই সমান বরাদ্দ পায় না। আমরা এখান থেকেই সমান সুবিধা দেওয়ার যাত্রা শুরু করি। সংরক্ষিত আসনের নারী সদস্যদেরকেও সমান বরাদ্দ দেওয়ার অনুরোধ করছি।

এরশাদের এসব কথা বলার পর অধিবেশন কক্ষে হাসির রোল পড়ে। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরীর মুখেও মুচকি হাসি দেখা যায়। এরশাদের এই বক্তব্যের সময় জাতীয় পার্টির কয়েকজন সংসদ সদস্য টেবিল চাপড়ে তাকে সমর্থন জানান।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন