বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিএনপির ১৬ নেতার নামে পরোয়ানা

BNPবিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ৬ জুলাই ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে এই আদেশ দেওয়া হয়।

ঢাকা মহানগর দায়রা জজ অভিযোগপত্র গ্রহণ করে এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় তাঁদের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করার আদেশ দেওয়া হয়েছে।

আসামিদের মধ্যে বিএপির চেয়ারপাসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান, সাবেক সাংসদ সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া,  স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব-উন-নবী খান সোহেল ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালও রয়েছেন।

গত ২৬ জানুয়ারি বিএনপি জোটের হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর পল্লবী এলাকায় একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে আগুন দেওয়ার ঘটনায় বাসমালিক জাকির হোসেন মামলা করেন।

এরপর গত ৩০ এপ্রিল পল্লবী থানার উপপরিদশক (এসআই) আবু সাঈদ বিশেষ ক্ষমতা আইনে ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল জানান, অভিযোগপত্র আমলে নেওয়ার দিন আদালতে হাজির না হওয়ায় বিচারক ১৬ জনের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দেন।

বাকি পাঁচ আসামির মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ তিনজন কারাগারে এবং দুইজন জামিনে রয়েছেন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন