বুধবার ৪ নভেম্বর ২০২৬

খালেদা ও তারেকের এক বছর পর দেখা হচ্ছে

Khaleda_Tareq_Newsworldbdএক বছর পর আবারও দেখা হচ্ছে খালেদা জিয়া ও তারেক রহমানের। ওমরাহ হজ করা ছাড়াও তারা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠক করবেন। তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্র লন্ডন থেকে জানায়, তিনি বুধবার সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন। দুবাইয়ে প্রথমে মা ও ছেলের দেখা হবে। তারেকের সঙ্গে রয়েছেন তার স্ত্রী ও মেয়ে জাইমা। আর খালেদার সঙ্গে রয়েছেন তার ভাই, ভাইয়ের স্ত্রী ছাড়াও ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা। পরে দুবাই থেকে খালেদা ও তারেক একই ফ্লাইটে সৌদি আরবে যাবেন।

বিএনপি সূত্র জানায়, তারা দু’জন সৌদি আরবে দশদিন থাকতে পারেন। পবিত্র লায়লাতুল কদর সেখানে উদযাপন করবেন। ঈদের আগে খালেদা জিয়া দেশে ফিরবেন। তারেক রহমান স্ব পরিবারে ফিরে যাবেন লন্ডনে।

জোটের কয়েকজন নেতাও সৌদি আরবে যেতে চাইছেন। তবে তাদেরকে খালেদা জিয়ার সঙ্গে নেওয়া হচ্ছে না। তাদেরকে স্ব স্ব উদ্যোগে যেতে বলা হয়েছে। জোটের বেশ কয়েকজন নেতা মূলত তারেক রহমানের সঙ্গে দেখা করতে চাইছেন। গতবার আন্দালিব রহমান পার্থ, সাইদীর ছেলে মাসুদ দেখা করেন ও ওমরাহ হজ পালন করেন।

বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ট একটি সূত্র জানায়, দল সুসংগঠিত করা, অক্টোবরে দলের কাউন্সিল করে যোগ্য, সাহসী, সৎ ও ত্যাগী নেতাদের দলের ও দলের অঙ্গ সংগঠনের দায়িত্ব দেওয়ার বিষয়েও আলোচনা করবেন।

এছাড়াও কূটনৈতিক তৎপরতা বাড়ানোর বিষয়ে আলোচনা হবে। জাতিসংঘে বান কি মুনের সঙ্গে আরো বেশি যোগাযোগ করারও চেষ্টা চলছে। সেই বিষয়েও আরো জোরালো পদক্ষেপ নিতে কৌশল ঠিক করবেন।

এছাড়াও আবার আন্দোলন শুরুর কৌশল নির্ধারণ ও তা বাস্তবায়নের জন্য করণীয় সম্পর্কেও আলোচনা করবেন বলে সূত্রের খবর।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন