বুধবার ৪ নভেম্বর ২০২৬

ব্রাজিলের গম দেখতে খারাপ হলেও মান ভালো: কামরুল

food-ministerব্রাজিল থেকে আমদানি করা ‘পচাগম’ নিয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম মঙ্গলবার ৭ জুলাই বলেছেন, ‘আসলেই ব্রাজিলের গম দেখতে খারাপ। তবে গুণগত মান ভালো।’ জাতীয় সংসদের প্রশ্নোত্তরপর্বে জাতীয় পার্টির সাংসদ পীর ফজলুর রহমানের প্রশ্নের জবাব এ কথা বলেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

এ সম্পর্কিত এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ‘গম আমদানি করে খাদ্য অধিদপ্তর। এখানে মন্ত্রণালয়ের কিছুই করার নেই। এ সংক্রান্ত বিলও মন্ত্রণালয়ে আসে না।’ গণমাধ্যমের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আপনারা গমের নমুনা এনে পরীক্ষা করেন। কেন ভিত্তিহীন সংবাদ পরিবেশন করছেন?’

সম্পূরক প্রশ্নে পীর ফজলুর রহমান বলেন, পচা গম নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে। সাংসদরা তাদের এলাকায় এই গম ঢুকতে দিচ্ছেন না। পচা গম আমদানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে কি না?

জবাবে খাদ্যমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে গম আমদানি করা হয়েছে। প্রি-শিপমেন্ট সনদ পাওয়ার পর গম এখানে এসেছে। দরপত্রে বলা থাকে, একমাত্র ইসরায়েল ছাড়া বিশ্বের যেকোনো দেশ থেকে আমদানি করা যাবে। যখন কথা উঠল গম খারাপ, তখন আমরা জেলা প্রশাসনের মাধ্যমে নমুনা এনে খাদ্য অধিদপ্তর ও সায়েন্স ল্যাবরেটরিতে পরীক্ষা করিয়েছি। তারা বলেছে, এই গমের গুণগত মান নষ্ট হয়নি। পত্রিকাগুলো কোথায় পেয়েছে এই গম নষ্ট?’

খাদ্যমন্ত্রী আরো বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দল ও পত্র-পত্রিকা রাজনৈতিক উদ্দেশ্যে সরকারকে হেয় করার জন্য ভিত্তিহীন প্রচারণা চালাচ্ছে। আমদানি করা গমের মধ্যে ১ লাখ ৭৪ হাজার ৯২৬ মেট্রিক টন বিলি হয়ে গেছে। ২৫ হাজার মেট্রিক টন বাকি আছে।’

মন্ত্রী আরো বলেন, ‘সাংসদরা এলাকায় গম ঢুকতে দেননি বলে যে সংবাদ পরিবেশন হয়েছে, তাও ভিত্তিহীন। আমি সাংসদের সঙ্গে কথা বলেছি। উপজেলা চেয়ারম্যানের সঙ্গে সাংসদের বিরোধের জের থেকে এ ঘটনা ঘটেছে। গম পচা বলে এটি ঘটেনি। পুলিশ-বিজিবি এই গম নিচ্ছে না বলে যে প্রচারণা, তাও সত্য নয়। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলেছি। তারা এ ধরনের কোনো অভিযোগ পায়নি।’

প্রশ্নোত্তর পর্বের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বেলা পৌনে ১১টায় সংসদের অধিবেশন শুরু হয়।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন