ভারতের বাজারে নিষিদ্ধের পর বাংলাদেশে ক্ষতিকার মাত্রা পাওয়া গেলেও চুপচাপ রয়েছে কর্তৃপক্ষ। সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, নিষিদ্ধের দাবিও উঠেছে। এই প্রেক্ষাপটে দেরিতে হলেও অবশেষে টনক নড়েছে সরকারি জনস্বাস্থ্য ইনস্টিটিউট কর্মকর্তাদের। নেসলে কোম্পানির ম্যাগিসহ বিভিন্ন কোম্পানির নুডলসে ক্ষতিকারক কেমিকেল (সীসা) রয়েছে কি-না তা শনাক্ত করতে ন্যাশনাল ফুড সেইফটি ল্যাবরেটরিতে (এনএফএসএল) নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বুধবার থেকে স্বাস্থ্য অধিদফতরের স্যানিটারি ইন্সপেক্টররা বাজার থেকে নমুনা সংগ্রহের কাজ শুরু করবেন।
ম্যাগি নুডলস নিয়ে প্রতিবেশি দেশ ভারতসহ বিভিন্ন দেশে বিতর্ক সৃষ্টি হওয়ায় স্বপ্রণোদিত হয়ে জনস্বাস্থ্য ইনস্টিটিউট তা পরীক্ষার উদ্যোগ নিয়েছে। ল্যাবরেটরির পরীক্ষায় মূলত নুডলসে ক্ষতিকারক কেমিক্যাল লিড রয়েছে কি-না তা দেখা হবে।
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. জাফরউল্ল্যাহ এ ব্যাপারে জানান, শুধুমাত্র নেসলে কোম্পানির ম্যাগি নুডলসই নয়, তারা দেশের বাজারে যতগুলো কোম্পানি নুডলস উৎপাদন করছে তার সবগুলো নমুনা সংগ্রহ করে এনএফএসএলে পরীক্ষা করে দেখবেন।
স্যানিটরি ইন্সপেক্টরদের মাধ্যমে কীভাবে নমুনা সংগৃহিত ও পরীক্ষা হবে এ সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন হয়ে গেছে। বুধবার থেকেই নমুনা সংগ্রহের কাজ শুরু করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মঙ্গলবার জাতীয় সংসদে এক নারী সংসদ সদস্য দেশের বাজারে ম্যাগি নুডলস নিষিদ্ধের দাবি তোলেন।
জানা গেছে, নেসলে কোম্পানি উৎপাদিত জনপ্রিয় ম্যাগি নুডলসের গুণগত মান নিয়ে গত কয়েকমাস যাবত প্রতিবেশি দেশ ভারতসহ বিশ্বের বেশ কিছু দেশে তুমুল সমালোচনার ঝড় বইছে।
ভারতের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা ম্যাগি নুডলসকে ‘অনিরাপদ ও ক্ষতিকারক’ হিসেবে চিহ্নিত করে বলেছে এতে উচ্চমাত্রার লিড রয়েছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক। কয়েকটি প্রদেশে ইতিমধ্যেই ম্যাগি নুডলস নিষিদ্ধ করা হয়েছে।
৮ জুন বিবিসির এক সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে পূর্ব আফ্রিকার পাঁচটি দেশ কেনিয়া, উগান্ডা, তানজেনিয়া, রুয়ান্ডা ও দক্ষিণ সুদানে ম্যাগি নুডলস নিষিদ্ধ করা হয়েছে।
নেসলের কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, ভারতের খাদ্য নিয়ন্ত্রক সংস্থা ম্যাগি নুডলসের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলার পর তারা বাজার থেকে বিভিন্ন ব্যাচের এক হাজার ম্যাগি নুডলস পরীক্ষা করে দেখেছেন তাতে সহনীয় মাত্রার সীসা রয়েছে।
বাংলাদেশের জনগণের জনস্বাস্থ্য দেখভাল করার দায়িত্ব স্বাস্থ্য অধিদফতরের জনস্বাস্থ্য ইনস্টিটিউটের। এদেশে ম্যাগি নুডলসের বড় বাজার রয়েছে। শিশুদের কাছে এ নুডলসটি জনপ্রিয়। বির্তকের পর ম্যাগি নুডলসের বাজার পড়ে গেছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


