বুধবার ৪ নভেম্বর ২০২৬

কুকুর নির্যাতনের দায়ে প্রথম মামলা, আটক ৩

Beating-Dogপাড়ার বেওয়ারিশ কুকুরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে প্রাণিটিকে মারধর করেছিলেন ঢাকার রামপুরার তিন যুবক। সঙ্গীদের মধ্যে একজন এর ছবিও তোলে। তা দেওয়া হয় ফেসবুকে। এক জন দুই জন হতে হতে তা দেখে ফেলে ‘অভয়ারণ্য’ নামের একটি প্রাণিবন্ধু সংগঠন। এরপর তারা খোঁজ করে ওই কুকুরটিকে উদ্ধার করে এবং রামপুরা থানায় প্রাণি সুরক্ষা আইনে মামলা করে। এই মামলার পরিপ্রেক্ষিতে রামপুরা থানা পুলিশ মঙ্গলবার শোভন, ইমরান ও জনি নামের তিন যুবককে আটক করেছে।

পৃথিবীর বিভিন্ন দেশে এ ধরনের অপরাধের জন্য শাস্তির উদাহরণ থাকলেও বাংলাদেশে এটিই ‘প্রথম’ আটকের ঘটনা বলে দাবি করছে প্রাণী সুরক্ষায় সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসা সংগঠন ‘অভয়ারণ্য’।

রামপুরা থানার এসআই জসিম বলেন, ওই সংগঠনের মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার প্রথম দফায় জনি, শোভন ও ইমরান নামে তিনজনকে আটক করা হয়েছে।

অভয়ারণ্যের প্রতিষ্ঠাতা রুবাইয়াত আহমেদ বলেন, কয়েক সপ্তাহ আগে ফেইসবুকের একটি পোস্ট থেকে ওই কুকুরকে মারধরের বিষয়টি আমরা জানতে পারি। রামপুরায় কয়েকটি ছেলে একটি কুকুরকে নিষ্ঠুরভাবে পিটিয়েছে। সেই কুকুরটি অবস্থা খুবই খারাপ ছিল। আমরা চিকিৎসা দিয়ে কুকুরটি সুস্থ করে তুলি।

রুবাইয়া বলেন, এ ধরনের ঘটনায় মামলা নেওয়ার তেমন নজির দেখা যায় না। তবে বিভিন্ন ভাবে চাপ দেওয়ার পর পুলিশ আমাদের মামলাটি নিতে রাজি হয়।”

জীবজন্তুর প্রতি নিষ্ঠুরতা বন্ধে আটকদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করছেন বলেও জানান তিনি।

প্রাণী সুরক্ষায় মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি নিজেদের ফেইসবুক পেইজেও সচেতনতামূলক পোস্ট দিয়ে থাকে সংগঠনটি।

রুবাইয়াত বলেন, আমরা চাই এদের শাস্তি হোক যেন সমাজে দৃষ্টান্ত স্থাপিত হয় যে কেউ চাইলেই প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ করতে পারে না।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন