“জন্ম হোক যথাতথা কর্ম হোক ভালো”। জীবনমূলক কথা। হক কথাও বটে। সত্যিই তো, জন্মস্থান কোথায়, নামই বা কী, তাতে কীই বা আর আসে যায় ? কর্মই তো আসল। কিন্তু, জন্মস্থানের নাম যদি ট্যারাব্যাঁকা হয়, তাহলে বাসিন্দাদের কর্ম যতই ভালো হোক না কেন, ঝামেলা যে একেবারেই পোয়াতে হয় না, তা কিন্তু হলফ করে বলা যাবে না। এই যেমন নামবিভ্রাটের কারণে সুইডেনের একটি গ্রামে একটি বাড়ি প্রায় বছর তিনেক অবিক্রিত অবস্থায় পড়ে আছে। কেনই বা থাকবে না বলুন। গ্রামের নামের মানেই যদি তথাকথিত ‘স্ল্যাং’ হয়, সে গ্রামে বাড়ি কিনে কে আর ‘প্যাঁক’ খাবে বলুন !
এমনিতেই সুইডেনে বাড়ির চাহিদা বেশ ভালোই। সেখানে একটি ২ কামরার বাড়ি ৩ বছর ধরে বিক্রি হচ্ছে না, এটা বেশ আশ্চর্যের। কিন্তু কেন ? স্থানীয় সংবাদমাধ্যম দা লোকালে প্রকাশিত তথ্য অনুযায়ী, ওই গ্রামের নামই এর মূল কারণ। গ্রামটির নাম স্নোরসলিডা (Snorrslida)। সুইডেনের স্থানীয় ভাষায় যা অনুবাদ করলে মানে দাঁড়ায়, ‘পেনিস ভ্যাজাইনা’। এই বিদঘুটে নামের কারণেই বাড়িটি কিনতে ক্রেতারা আগ্রহপ্রকাশ করছেন না বলে স্থানীয় সূত্রে প্রচলিত মত।
তবে বিরোধী মতও অবশ্য আছে। স্থানীয় জমি বাড়ির এক এজেন্ট যেমন বাড়ি না বিক্রির কারণ হিসেবে বিদঘুটে নামের তত্ত্ব মানতে চাননি। হেনরিক হাকানসন নামে ওই এজেন্ট দাবি করেছেন, বাড়িটি বেহাল দশা হওয়ায় তা বিক্রি হচ্ছে না। নামটাম কোনও কারণই নয়। তাঁর আরও দাবি, বাড়িটি বছর ১০ আগেও বিক্রি হয়েছে, আবারও হবে।
তবে সুইডেনের স্নোরসলিডা গ্রামই একমাত্র নয়, যার নামের মানে এমন অদ্ভুত। বেশ কয়েকবছর আগে এরকম অদ্ভুত এক নামের কারণে গ্রামের মানুষ তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন। তাঁদের গ্রামের নাম ছিল The village of Fjuckby। গ্রামবাসীরা সে নাম পরিবর্তনের জন্য বহু চেষ্টা করেছিলেন। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে তা পেরে ওঠেননি বলে সংবাদমাধ্যমে প্রকাশ।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


