রাতে নিজ বাড়ির ঘরের ভেতর অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে জখম দৈনিক সমকাল পত্রিকার চুয়াডাঙ্গার জীবননগর প্রতিনিধি সাংবাদিক আবু সায়েম (৩৫) মারা গেছেন। মঙ্গলবার ৭ জুলাই রাত সাড়ে এগারোটার দিকে ছুরিকাঘাতের পর তাকে ঢাকায় বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার বিকেলে মারা গেলেন ঢাকার মহাখালীর বক্ষব্যাধি হাসপাতালে। এদিকে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজিব আহম্মেদ (৩২) নামে এক জনকে আটক করেছে পুলিশ। রাজিব দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে।
সায়েম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের পিয়ারাতলা গ্রামের আবুল খায়ের ওরফে বাচ্চু মোল্লার (৬০) ছেলে এবং দৈনিক সমকালের জীবননগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
আবু সায়েমের ভাই হাশেম আলী জানান, গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে জীবননগর পৌর এলাকার পেয়ারাতলার বাড়ির দোতলায় একটি কক্ষে স্ত্রী-সন্তান নিয়ে সায়েম শুয়েছিলেন। এ সময় স্ত্রী পাশের কক্ষে কারো উপস্থিতি টের পেয়ে দরজা খোলেন। এ সময় লালসালু পরা মধ্যবয়সী এক যুবককে দেখে চিৎকার করেন। তখন সায়েম কক্ষ থেকে বাইরে আসতেই যুবক তাঁর বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এসে যুবকের আঘাতে বাবা বাচ্চু মোল্লাও রক্তাক্ত জখম হন। এর মধ্যেই তাড়া খেয়ে সঙ্গে থাকা লালসালু ও ছুরি ফেলে যুবক পালিয়ে যান।
হাশেম আরও বলেন, এ ঘটনার পর গুরুতর আহত সায়েম ও তার বাবাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে বাবাকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু অবস্থা সংকটাপন্ন হওয়ায় সায়েমকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ভোররাতে তাঁকে ঢাকার মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে স্থানান্তর করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ভোরের দিকে রাতে রাজিব আহমেদ নামে এক যুবককে আটক করা হয়েছে। নিহত সায়েমের স্ত্রী ও মা রাজিবকে হত্যাকারী হিসেবে চিহ্নিত করেছেন। এ ঘটনার পর হাশেম আলী রাজিবকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেছেন।
এদিকে সায়েমের মৃত্যুর খবরে তাঁর সহকর্মী সাংবাদিকেরা জীবননগর চৌরাস্তায় সড়ক অবরোধ করেন। পরে সেখানে জীবননগর প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এর আগে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
এছাড়া গত বছরের ১৯ মে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুরে সন্ত্রাসীদের হাতে খুন হন স্থানীয় দৈনিক মাথাভাঙার সাংবাদিক সদরুল নিপুল।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


