বুধবার ৪ নভেম্বর ২০২৬

মোদি-নওয়াজ বৈঠক রাশিয়ায় শুক্রবার

modi-nawajনরেন্দ্র মোদি ও নওয়াজ শরীফ শেষ মুখোমুখি হয়েছিলেন গত বছরের নভেম্বরে। কাঠমান্ডুতে সার্ক সম্মেলনে। তার পর বিভিন্ন সময়ে দু’পক্ষের মধ্যে পরোক্ষ ভাবে কড়া বাক্য বিনিময়ই হয়েছে শুধু। শুক্রবার ১০ জুলাই তাদেরই সৌজন্য বিনিময়ের সাক্ষী হতে চলেছে রাশিয়া। চলতি ব্রিকস সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের নওয়াজ শরিফ মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন ওই দিন।

রাশিয়ায় ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি রমজানের পবিত্র সময়ে প্রতিবেশীর দিকে বন্ধুত্বের হাত আরও কিছুটা বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে মোদির। ওই দিন সকাল সওয়া ৯টা নাগাদ বৈঠকটি হবে বলে বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ টুইট করেছেন।

রমজান মাসের গোড়ায় পাক প্রধানমন্ত্রীকে ফোনে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কাশ্মীরে শান্তি বজায় রাখার আবেদন জানানোর পাশাপাশি ফের দ্বিপাক্ষিক বৈঠক করার আহ্বান জানিয়েছেন তিনি। সৌহার্দ্যের পরিবেশ ফিরিয়ে আনতে রমজানের মধ্যেই ভারতে আটক পাকিস্তানি মৎসজীবীদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এই বিষয়গুলি নিয়েই শুক্রবার দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক হওয়ার কথা।

ব্রিকস সম্মেলনে যোগ দিতে বুধবার রাশিয়ার উফায় পৌঁছেছেন মোদি। ইতিমধ্যেই তিনি রাশিয়া এবং চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকও করেছেন।

এক দিকে যখন দেশের বিভিন্ন দুর্নীতিতে মোদী সরকারের একের পর এর সেনা কালিমালিপ্ত হচ্ছেন, সেই সময়ে পাকিস্তানের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়াটা যথেষ্ট তাৎপর্য রয়েছে বলেই মনে করছেন রাজনীতি মহল।

নিজস্ব প্রতিবেদক, কলকাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন