প্রশিক্ষণার্থী পুলিশেরা রোজা রেখে নিয়মিত কঠোর প্রশিক্ষণে অংশ নেওয়ায় ১১ পুলিশের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় দুই জন প্রশিক্ষককে বরখাস্ত করা হয়েছে। রোজা রেখে কঠোর প্রশিক্ষণে অংশ নেয়ায় রাজশাহী রিজার্ভ পুলিশ ফোর্সের (আরআরএফ) ১১ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় দুই প্রশিক্ষক এসআই (স্বশস্ত্র) মোর্সেদ আলম ও এএসআই (স্বশস্ত্র) সেতাউর রহমান বরখাস্ত করা হয়েছে। তবে বৃহস্পতিবার সকালে অসুস্থ পুলিশ সদস্যরা আবারও প্রশিক্ষণে অংশ নিয়েছেন।
আরআরএফের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুন্নাহার জানান, বুধবার ৮ জুলাই ইফতারের আগে বিকেলে দ্বিতীয় সেশনে গরমের মধ্যে প্রশিক্ষণ করার কারণেই ১১ পুলিশ অসুস্থ হয়ে পড়েন। তবে ওই মুহূর্তে ইফতারের কার্যক্রম চলছিল। পরে ইফতার শেষে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পরে সবাই সুস্থ হয়ে ফিরে এসেছেন।
এ ঘটনায় অসুস্থ পুলিশ সদস্যরা হলেন, হারুন অর রশিদ (২১), রাফিউল্লাহ (২০), জয় মাহামুদ (২০), মেহেদী হাসান (২২), আজম (২০), আমিরুল ইসলাম (২০), জাহাঙ্গীর হোসেন (২০), শহিদুল্লাহ (২০), সেলিম (২০), ফিরোজ (২০) ও সাইফুল ইসলাম (২০)।
উল্লেখ্য, প্রশিক্ষণ শেষে বুধবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন ওই পুলিশ সদস্যরা। প্রথমে তাদের পুলিশ লাইন হাসপাতালে এবং সেখান থেকে রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল (রামেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


