বুধবার ৪ নভেম্বর ২০২৬

দক্ষিণ আফ্রিকার সঙ্গে লজ্জাজনক ব্যাটিং বাংলাদেশের, ১৬১ অলআউট

BD-SAদক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সফরকারী দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের জন্য ১৬১ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করে ৩৬.৩ ওভারে ১৬০ রানে অলআউট হয় স্বাগতিকরা।

বাংলাদেশের ইনিংসে উল্লেখযোগ্য সাকিব ৪৮, নাসির ৩১ ও সৌম্য ২৭ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে রাদাবা ৬টি, মরিস ২টি এবং তাহির ও অ্যাবোট একটি করে উইকেট নিয়েছেন।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

বৃষ্টির কারণে প্রায় পৌনে তিন ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৪০ ওভারে।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৩৫ ওভার ৩ বলে ১৬০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

রাবাদার দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই দিক হারায় স্বাগতিকরা। চতুর্থ ওভারের শেষ তিন বলে তামিম ইকবাল, লিটন দাস ও মাহমুদউল্লাহকে ফিরিয়ে দেন দক্ষিণ আফ্রিকার এই তরুণ।

দারুণ এক বলে তামিমকে বোল্ড করার পর লিটনকে ফেরান রাবাদা। শেষ বলে মাহমুদউল্লাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে তাইজুল ইসলামের পাশে দাঁড়ান এই তরুণ। ওয়ানডেতে কেবল এই দুই জনেরই অভিষেকে হ্যাটট্রিক করার কৃতিত্ব আছে।

প্রথম চার ব্যাটসম্যানের তিন জন শূন্য রানে আউট হলেও আক্রমণাত্মক ব্যাটিং করে দ্রুত রান তুলতে থাকেন সৌম্য সরকার (২৭ বলে ২৭)। বাঁহাতি এই ব্যাটসম্যানকে আউট করে নিজের চতুর্থ উইকেট নেন রাবাদা।

৪০ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশ প্রতিরোধ গড়ে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে। ৫৩ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানের দিকেই নিয়ে যাচ্ছিলেন এই দুই জনে। জেপি দুমিনির বলে তুলে মারতে গিয়ে মুশফিকের বিদায়ে ভাঙে আশা জাগানো জুটি।

টি-টোয়েন্টি সিরিজে দুই অঙ্কেই পৌঁছাতে না পারা সাব্বির রহমান ব্যর্থ হয়েছেন ওয়ানডে সিরিজেও। ৫ রান করে ক্রিস মরিসের বলে বোল্ড হয়ে যান এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।

এরপর বেশিক্ষণ টিকেননি ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাংঙ্কিংয়ের সেরা অলরাউন্ডার সাকিব (৫১ বলে ৪৮)। ইমরান তাহিরের বলে তিনি এলবিডব্লিউ হয়ে গেলে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় স্বাগতিকদের।

দ্বিতীয় স্পেলে ফিরে মাশরাফি বিন মুর্তজা ও জুবায়ের হোসেনকে ফিরিয়ে অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন রাবাদা। অ্যালান ডোনাল্ডের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় পেসার হিসেবে অভিষেকে পাঁচ উইকেট নেনে তিনি।

মাশরাফিকে কুইন্টন ডি ককের গ্লাভসবন্দি করার পর জুবায়েরকে বোল্ড করে ওয়েস্ট ইন্ডিজের ফিদেল এডওয়ার্ডসের পর দ্বিতীয় বোলার হিসেবে অভিষেক ছয় উইকেট নেওয়ার রেকর্ড গড়েন ২০ বছর বয়সী রাবাদা। ১৬ রানে তার ৬ উইকেট ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সেরা বোলিং।

নাসির হোসেনের দৃঢ়তায় দেড়শ’ পার হয় বাংলাদেশের সংগ্রহ। দশম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেন তিনি।

বাংলাদেশ স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, লিটন দাস, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : হাশিম আমলা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, রিলি রুশো, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বিহারডাইন, ক্রিস মরিস, কাইল অ্যাবোট, ইমরান তাহির, কাগিসো রাবাদা।

আরও পড়ুন