বুধবার ৪ নভেম্বর ২০২৬

বিশ্বকাপের পর প্রথম ওডিআই দক্ষিণ আফ্রিকার

saবিশ্বকাপ সেমিফাইনাল ব্যর্থতার পর বাংলাদেশের বিপক্ষে শুক্রবার ১০ জুলাইয়ের ম্যাচ দিয়েই ফের একদিনের ক্রিকেটে ফিরছে দক্ষিণ আফ্রিকা। টি২০ সিরিজে সহজ জয়ের পরও ঘরের মাঠে ওডিআইয়ের বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না তারা। ওয়ানডের বাংলাদেশকে প্রাপ্য সম্মান দেয়ার পাশাপাশি সিরিজ জয়ের দিকেই চোখ প্রোটিয়া বিগ্রেডের ভারপ্রাপ্ত ওয়ানডে অধিনায়ক হাশিম আমলার। এজন্য সাম্প্রতিক সময়ে তাদের উপমহাদেশে খেলার অভিজ্ঞতার সঙ্গে কাজে লাগাতে চান টি২০ সিরিজ জয়ের আত্মবিশ্বাস।

দেশের মাটিতে শেষ তিন ওয়ানডে সিরিজেই জিতেছে বাংলাদেশ। এ সময়ে খেলা ১১ ওয়ানডের মধ্যে মাশরাফি বাহিনী হেরেছে মাত্র একটিতে। বছরের শুরুতে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা বাংলাদেশ নিজেদের শেষ দুটি সিরিজে পাকিস্তানকে ৩-০ ও ভারতকে হারায় ২-১ ব্যবধানে। আমলা জানান, ব্যক্তিগতভাবে তিনি এ দুটি সিরিজ না দেখলেও বাংলাদেশ যে গত কয়েকটি সিরিজ জিতেছে, তা জানা আছে তার। তবে প্রতিপক্ষকে নিয়ে ঘাবড়ে না গিয়ে টি২০-এর আত্মবিশ্বাস আর উপমহাদেশের অভিজ্ঞতাকেই কাজে লাগানোর ওপর জোর দিয়েছেন তিনি। আমলার ভাষ্য, ‘গত কয়েক বছরে আমরা এখানে অনেক সময় এসেছি। সুতরাং আমি মনে করি সবারই উপমহাদেশে খেলার বেশ অভিজ্ঞতা অর্জিত হয়েছে। এখানে খেলে আমি বাংলাদেশের বিরুদ্ধে কিছু রানও পেয়েছি, সেটা ভাগ্যের ব্যাপার। আমি মনে করি আমার ওই অভিজ্ঞতাগুলো এখানে সিরিজ জয়ের ক্ষেত্রে কাজে লাগাতে পারব। আর ছেলেরা টি২০ সিরিজে অনেক বেশি ভালো করেছে। সুতরাং আমি মনে করি দলের বাকিরা বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই এগিয়ে আসবে। কারণ আসল অভিজ্ঞতাটা কয়েক দিন আগেই হয়েছে সবার।’

ওয়ানডের বাংলাদেশ অন্য রকম হবে, এমনটাই মনে করছেন এ প্রোটিয়া রান মেশিন। আমলা বলেন, ‘বাংলাদেশ আসলেই কয়েক মাস ধরে অনেক ভালো করছে। আমি মনে করি তাদের ওয়ানডে রেকর্ডটা টি২০ রেকর্ডের তুলনায় অনেক ভালো। সাম্প্রতিক সময়ে তারা আরো ভালো খেলছে, যদিও আমি ব্যক্তিগতভাবে ওই সিরিজগুলো খেয়াল করিনি। কিন্তু আমি এটা জানি খুব ভালো ক্রিকেট খেলেই তারা সর্বশেষ কয়েকটি সিরিজ জিতেছে। আর সে কারণেই তাদের প্রাপ্য সম্মানটা আমরা দিচ্ছি।’

চলতি বাংলাদেশ মিশনে সতীর্থ ব্যাটসম্যানদের পাশাপাশি প্রোটিয়া অধিনায়কের আস্থা তার স্পিনারদের ওপর। বলেছেন, ‘আজ (গতকাল) না পারলেও গত দুই-তিন দিনে আমরা ভালো অনুশীলন করেছি। টি২০ও খেলা হয়েছে। ডেল ও মরনে হয়তো নেই। কিন্তু রাবাদা ও মরিস কয়েকটি খেলায় সুযোগ পেয়ে নিজেদের আরেকটু ঝালিয়ে নিতে পারবে। এবিও নেই যা অন্য ব্যাটসম্যানদের জন্য দারুণ সুযোগ। আর উপমহাদেশে ব্যাটসম্যানদের ওপর সবসময়ই দায়িত্বটা একটু বেশি। কাজটা কঠিনও বটে। আমরা চেষ্টা করব দায়িত্ব নিয়ে খেলার। দল যেমনই হোক, জয়ের পথটা তৈরি করে দিতে হয় ব্যাটসম্যানদেরই। আর টি২০ ম্যাচে স্পিন অনেক বড় ভূমিকা রেখেছিল। ওয়ানডে ও টি২০-এ ইমরান তাহির অন্যতম সেরা একজন স্পিনার। সুতরাং তাকে দলে ফিরে পাওয়াটা আমাদের জন্য দারুণ ব্যাপার এবং ফাঙ্গিও অনেক ভালো করছে। এটা বলা কঠিন এখানে স্পিনের লড়াই হবে কিনা। যদিও উপমহাদেশে দীর্ঘদিন সীমিত ওভারের ক্রিকেটে আমাদের স্পিনাররা ভালো করেনি; আমি ইমরান তাহির ও অ্যারন ফ্যাঙ্গিসোকে ধন্যবাদ দিব, তারা দুজনই অসাধারণ। এছাড়া জেপি দিনে দিনে অনেক উন্নতি করছে। আমাদের স্পিনারদের আগের চেয়ে ভালো খেলাটা আমাদেরকে আরো এগিয়ে দিচ্ছে।’

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন